সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের তালাবদ্ধ ২ ফ্ল্যাটে রিসিভার প্রবেশের অনুমতি

সংগৃহীত ছবি
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর গুলশানের দুটি তালাবদ্ধ ফ্ল্যাটে রিসিভারের প্রবেশ ও ফ্ল্যাটে রক্ষিত মালামাল তালিকা (ইনভেন্টরি) করার জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ প্রদানের আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।
এদিন দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান এই আবেদনটি করেন। ওই আবেদনে তিনি উল্লেখ করেন, গত ১২ জানুয়ারি আদালতের আদেশে সাইফুজ্জামান চৌধুরীর গুলশানে দুটি ফ্ল্যাট সঠিক নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তদারকি এবং রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার হিসেবে পরিচালক (সম্পদ ব্যবস্থাপনা ইউনিট), দুর্নীতি দমন কমিশনকে নিয়োগ প্রদান করা হয়েছে।
ফ্ল্যাট দুটি তালাবদ্ধ থাকায় ভাড়া উপযোগী করাসহ রিসিভারের কার্যক্রম গ্রহণ করা সম্ভব হয়নি মর্মে সরেজমিন পরিদর্শন করে জনানো হয়েছে। ফ্ল্যাট দুটি রিসিভারের দখলে নেওয়া এবং অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির অনুপস্থিতিকালে বিনা বাধায় ওই ফ্ল্যাটে রিসিভারের প্রবেশ এবং মালামালের ইনভেন্টরি করার জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা প্রয়োজন।



