ঘুষের অভিযোগ তুলে হেনস্তা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে

সংগৃহীত ছবি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে উত্তরায় ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করা র সময় শারীরিকভাবে হেনস্তার অভিযোগ উঠেছে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের বিরুদ্ধে।
পরে উত্তরা পশ্চিম থানা-পুলিশ গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমাকে উদ্ধার করে। গতকাল বুধবার দুপুরে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের পাকার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
ব্যবসায়ীদের অভিযোগ, দুপুরে জসীমউদদীন সড়কের পাকার মাথা এলাকায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে ফুটপাত উচ্ছেদ অভিযান শুরু করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা।
অভিযান চলাকালে জরিমানা কমিয়ে দেওয়ার কথা বলে ম্যাজিস্ট্রেটের এক সহকারী এক দোকানির কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা নিয়েছেন বলে অভিযোগ করেন কয়েকজন ভ্রাম্যমাণ ব্যবসায়ী। পরে ওই টাকা তার কাছ থেকে পাওয়া গেছে বলেও দাবি করেন তারা।
এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘিরে ধরেন। একপর্যায়ে তাকে শারীরিকভাবে হেনস্তা করা হয়। খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে উদ্ধার করে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর আগামীর সময়কে বললেন, ‘ঘুষ এবং মারধরের কোনো ঘটনা ঘটেনি। বিমানবন্দর থানা ও আমাদের থানার মধ্যস্থানে ফুটপাতে অভিযান চালাচ্ছিলেন উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় জরিমানাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তখন পুলিশ তাকে সেখান থেকে হেফাজতে নিয়ে পাঠিয়ে দেয়।’



