ঢাকায় ৮-৯ মে জার্নালিজম কনফারেন্স

সংগৃহীত ছবি
রাজধানীতে আগামী ৮ ও ৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬’। মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এ সম্মেলনের আয়োজন করছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।
তিনি জানান, রাজধানীর হোটেল রেডিসনে দুই দিনব্যাপী এই সম্মেলনে দেশের সাংবাদিক, সম্পাদক, গবেষক, নাগরিক সমাজের প্রতিনিধি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অংশ নেবেন। এতে সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।
হাসিবুর রহমান বলেছেন, ‘সাংবাদিকতার অংশীজনদের মধ্যে একটি সমন্বিত প্ল্যাটফর্ম গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। এর মাধ্যমে সাংবাদিকতার মান উন্নয়ন এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে দেশীয় সাংবাদিকদের অভিজ্ঞতা বিনিময় সম্ভব হবে।’
‘বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রায় সংবাদমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতার পাশাপাশি প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।’- যোগ করেন তিনি।
সম্মেলনে মোট ১২টি সেশন অনুষ্ঠিত হবে। যেখানে ২০ জনের বেশি আলোচক অংশ নেবেন এবং ৫০০-এর বেশি অংশগ্রহণকারী উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া ১০টিরও বেশি দেশের বিশেষজ্ঞরা এতে যোগ দেবেন বলে আয়োজকরা আশা করছেন।
এমআরডিআইয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ৫ মে’র প্রাক্কালে এই সম্মেলনের সময় নির্ধারণ করা হয়েছে। সম্মেলনের কার্যক্রমে থাকবে প্লেনারি সেশন, থিমেটিক সেশন, প্যারালাল ট্র্যাক এবং বিশেষ মাস্টার ক্লাস।
অংশগ্রহণের জন্য নির্দিষ্ট মাইক্রোসাইট (www.bdjc.mrdibd.org) এর মাধ্যমে নিবন্ধন করতে হবে। বৃহস্পতিবার দিবাগত রাত (১৭ এপ্রিল) ১২টা ১ মিনিট থেকে নিবন্ধন শুরু হবে। ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে আবেদন গ্রহণ করা হলেও চূড়ান্ত নির্বাচন করবেন আয়োজকরা।
এছাড়া ঢাকার বাইরে কর্মরত ১৫ জন সাংবাদিকের জন্য ফেলোশিপের সুযোগ ঘোষণা করা হয়েছে। আগ্রহীদের স্টোরি আইডিয়া জমা দিতে হবে। নির্বাচিতরা এমআরডিআইয়ের মেন্টরশিপ সহায়তা পাবেন এবং প্রয়োজনে রিপোর্টিং ব্যয়ও বহন করবে সংস্থাটি।

