১৮ বছরে আলোকিত শিশু, উৎসবে সবাই চ্যাম্পিয়ন

সংগৃহীত ছবি
খেলার মাঠে কেউ হারেনি, সবার হাতেই উঠেছে চ্যাম্পিয়ন ক্রেস্ট। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও সক্ষমতাকে উদযাপন করে রাজধানীর দোয়েল চত্বরে অনুষ্ঠিত হয়েছে ‘আলোকিত শিশু ১৮-র জয়গান’ শীর্ষক দিনব্যাপী উৎসব। বৃহস্পতিবার বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়ামে বিশেষ শিশু বিকাশ ও শিক্ষায় প্রতিষ্ঠানটির ১৮ বছরের পথচলা উদযাপন করা হয়।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও প্রারম্ভিক শিশু বিকাশে কাজ করা প্রতিষ্ঠান ‘আলোকিত শিশু’র এ আয়োজনে শিশু, অভিভাবক, শিক্ষক, থেরাপিস্ট, গবেষক ও বিশিষ্টজনেরা অংশ নেন। উৎসবজুড়ে ছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও শিল্পকর্ম প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার উপযোগী পরিবেশ ও প্রয়োজনীয় সক্ষমতা গড়ে তোলা হবে।
তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও বিকাশ শুধু পরিবার বা বিশেষায়িত প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এ জন্য দেশব্যাপী সচেতনতা ও সবার অংশগ্রহণ প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে।
আলোকিত শিশুর মতো প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে অভিভাবকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা আস্থা রাখুন। দেশের সব বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর শিক্ষা ও বিকাশের সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। প্রতিটি শিশু তার সক্ষমতা ও প্রতিভা বিকাশের সুযোগ পাক, এটাই আমরা চাই।’
২০০৯ সালে যাত্রা শুরু করা আলোকিত শিশু বিশেষ শিক্ষা, প্রারম্ভিক শিশু বিকাশ (ইসিডি) কার্যক্রম, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, ফিজিওথেরাপি, শিক্ষক ও অভিভাবকদের প্রশিক্ষণ এবং আবাসিক সেবার মাধ্যমে দীর্ঘদিন ধরে কাজ করছে। প্রতিষ্ঠানটির উদ্যোগে এসব সেবা পেয়ে উপকৃত হয়েছে হাজারো শিশু ও তাদের পরিবার।
উৎসবের শুরুতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকেরাও অংশ নেন। পরে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন ও শিল্পকর্ম প্রতিযোগিতা। শিশুদের সৃজনশীলতা তুলে ধরতে আয়োজন করা হয় বিশেষ চিত্রাঙ্কন প্রদর্শনী। প্রতিযোগিতা শেষে সবাই অংশ নেন স্পোর্টস রিফ্রেশমেন্ট পর্বে।
প্রারম্ভিক শিশু বিকাশ, থেরাপি সেবা ও বিশেষ শিক্ষার আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিশেষজ্ঞদের প্যানেল আলোচনায় অভিভাবকেরাও অংশ নেন। এতে ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট মো. মাহফুজ আলম শিশুর সক্ষমতা বাড়াতে মোটর প্ল্যানিং স্কিলে অভিভাবকদের করণীয় তুলে ধরেন।
‘আলোকিত শিশু অভিভাবকের কথা’ শীর্ষক আলোচনায় বক্তব্য দেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সেন্ট্রাল ম্যানেজার ডা. খন্দকার রাকিবা রহমান। ‘আপনার শিশুর আজীবন ব্যবস্থাপনা’ বিষয়ে উপস্থাপনা করেন আলোকিত জীবন ফাউন্ডেশনের এক্সিকিউটিভ মেহেদী হাসান মাহফুজ। এ ছাড়া ‘আলোকিত ফাউন্ডেশন শেয়ারহোল্ডারের কথা’ তুলে ধরেন আলোকিত শিশু স্কুলের অভিভাবক মো. সাইফুল ইসলাম খান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের রেজিস্ট্রার (যুগ্মসচিব) মোহাম্মদ হারুন অর রশিদ, কন্টিনেন্টাল হাসপাতাল লিমিটেডের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. আনজুমান আরা বিউটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক এ কে এম আমজাদ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকিত শিশুর চেয়ারপারসন ও সহকারী অধ্যাপক এবং অকুপেশনাল থেরাপিস্ট মো. জহির উদ্দিন আকন্দ। তিনি বলেন, মানুষের জীবনে ১৮ বছর মানে তারুণ্য, আত্মনির্ভরতা ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন। একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও ১৮ বছর মানে দীর্ঘ সংগ্রাম, অভিজ্ঞতা ও সাফল্যের পরিপক্ব অধ্যায়। ১৮ বছর আগে ছোট্ট যে স্বপ্নের বীজ রোপণ করা হয়েছিল, সবার ভালোবাসা, আস্থা ও সম্মিলিত প্রচেষ্টায় তা আজ মহীরুহে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, প্রতিটি শিশুই অনন্য। সঠিক দিকনির্দেশনা, থেরাপি ও ভালোবাসা পেলে প্রতিটি শিশুই স্বাবলম্বী হয়ে উঠতে পারে।
শিশুদের আজীবন ব্যবস্থাপনার লক্ষ্যে ঢাকার হেমায়েতপুরের কাছে সিংগাইরের পানিশাইলে আলোকিত জীবন ফাউন্ডেশনের উদ্যোগে সিটি ও রিসোর্টের কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান জহির উদ্দিন। সেখানে অটিজম হোম, ওল্ড হোম, ইসলামিক ক্যাডেট কলেজ, ভোকেশনাল সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
ক্রীড়া প্রতিযোগিতা হলেও আয়োজনে কোনো বিজয়ী বা পরাজিত নির্ধারণ করা হয়নি। অংশগ্রহণকারী সবার হাতে তুলে দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন ক্রেস্ট। আয়োজকদের ভাষ্য, সমাজের প্রতিটি বিশেষ শিশুকে তাঁরা নিজ নিজ পরিবেশে একজন চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান। শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।




