পাঁচ দেশের মুদ্রাসহ গ্রেপ্তার ফরাসি নাগরিক দুই দিনের রিমান্ড

গ্রাফিকস: আগামীর সময়
পাঁচ দেশের মুদ্রাসহ গ্রেপ্তার ফরাসি নাগরিক ডেভিড পিয়ারি আন্দ্রে ডেলনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. এহসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও বিমানবন্দর থানার উপপরিদর্শক মোস্তাফিজুল ইসলাম তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, উদ্ধার হওয়া অর্থের প্রকৃত উৎস, দেশে আনা বা বিদেশে পাচারের উদ্দেশ্য, এর সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রের সদস্যদের শনাক্তকরণ এবং মুদ্রাগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ঘাটনের জন্য আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। পাশাপাশি বৈদেশিক মুদ্রা পাচারের সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না, সেটিও অনুসন্ধান করা প্রয়োজন।
অন্যদিকে আসামিপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
মামলার বিবরণে বলা হয়েছে, ১৪ জুন রাত ১ টা ৪০ মিনিটে আমিরাত এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা থেকে দুবাইগামী যাত্রী ছিলেন ডেবিড পিয়ারি আন্দ্রে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিংয়ে নিরাপত্তা তল্লাশির সময় তার ব্যাগের মধ্যে মুদ্রা সদৃশ কিছু দেখতে পান নিরাপদ অপারেটর। তিনি দায়িত্বরত এভসেক-১১ কে অবহিত করেন। পরবর্তীতে কাস্টমস প্রতিনিধি এসে তাকে তল্লাশি করেন।
এসময় তার কাছে থাকা ব্যাগ ও লাগেজ থেকে বিভিন্ন দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। এর মধ্যে ২ লাখ ৯৮ হাজার ৫২০ ইউএই দিরহাম, ১০ হাজার ৬৬০ সোম, ২ হাজার ৮০০ ইউরো, ১ হাজার ৭০০ মার্কিন ডলার, ৪৭০ সৌদি রিয়াল এবং ২০০ মরক্কো দিরহাম জব্দ করা হয়। এ ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তা মীর পাভেল রহমান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ও মামলা করেন।




