প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণও জানিয়েছে ভারত

প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। গতকাল মঙ্গলবার দেশটির রাজধানীতে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বললেন, নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্যও আমন্ত্রণ জানানো হয়েছে তারেক রহমানকে।
সাউথ ব্লকের এই মুখপাত্র বলছিলেন, বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই তারেক রহমানকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল। পাশাপাশি বিমসটেকের (বহুপক্ষীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতার উদ্যোগ) বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশকে ব্রিকসের আউটরিচ অধিবেশনে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
বাংলাদেশের সরকারপ্রধানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকের বিষয়টিও উল্লেখ করেন জয়সওয়াল। ওই বৈঠককে ইতিবাচক ও আশাব্যঞ্জক হিসেবে উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, ওই বৈঠকে দুদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে তারেক রহমান ব্রিকস আউটরিচ অধিবেশনে যোগ দেবেন কি না— এখনো সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে সোমবার জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সচিবালয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলছিলেন, ভারতের কাছ থেকে দুটি আলাদা আমন্ত্রণপত্র পেয়েছে ঢাকা। একটি দ্বিপক্ষীয় সফরের জন্য এবং অন্যটি বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্য।
এদিকে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকার আবেদনের বিষয়েও মন্তব্য করেন জয়সওয়াল। তিনি বলছিলেন, ‘প্রচলিত নিয়ম অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। নতুন কোনো তথ্য থাকলে পরবর্তী সময়ে জানাবে নয়াদিল্লি।’ এ ছাড়া ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে জয়সওয়াল জানিয়েছেন, এটি একটি আইনি বিষয়। বর্তমানে এর তদন্ত চলছে।
এবার মোদির সঙ্গে বৈঠকে ত্রিবেদী: ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান, পরাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে রবি ও সোমবার বৈঠক করেছেন ত্রিবেদী। এর পরদিনই ভারতে পৌঁছান তিনি। সেখানে যাওয়ার পর গতকাল দিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন ভারতের হাইকমিশনার। তাদের সাক্ষাতে ঢাকায় তিনটির বেশি গুরুত্বপূর্ণ বৈঠক এবং বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে বলে দিল্লির একটি কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
সার্জিও গর ও দোভালের পরপর দুই বৈঠক: বাংলাদেশ সফর করে যাওয়ার ১০ দিনের মধ্যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে টানা দুই দিন বৈঠক করেছেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে গতকাল এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট। এদিন সংবাদ সম্মেলনে জয়সওয়াল বলেছেন, গর ও দোভাল দুটি ‘ফলপ্রসূ’ বৈঠক করেছেন। পরপর দুই দিন দুই কর্মকর্তার বৈঠক হয়েছে। বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অংশীদারত্ব গুরুত্বপূর্ণ। বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশের অনেক লক্ষ্য অভিন্ন এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও যোগাযোগ ক্রমেই বাড়ছে।
এক্সে দেওয়া এক পোস্টে গরও বৈঠকটির বিষয় নিশ্চিত করেছেন। জানিয়েছেন, দোভালের সঙ্গে তার ‘ফলপ্রসূ’ বৈঠক হয়েছে। মার্কিন-ভারত কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন তারা।




