বাংলাদেশ-শ্রীলঙ্কা ‘যৌথ পরামর্শক কমিশন’ গঠনে সম্মত

কলম্বোয় শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাতের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়
পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যেতে যৌথ পরামর্শক কমিশন গঠন করতে যাচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের শ্রীলঙ্কা সফরের মধ্যে আজ বুধবার কলম্বোয় দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা স্মারক সই হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়ে বলেছে, সমঝোতা স্মারক সইয়ের আগে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাতের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে উভয় মন্ত্রী সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, উভয় সরকারের সম্মুখীন হওয়া অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং তা কাটিয়ে ওঠার জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।
পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয়গুলো পর্যালোচনা করার লক্ষ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন তারা।
হুমায়ুন কবির প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া ‘ফ্যামিলি কার্ড’, ‘ফার্মারস কার্ড’, ‘২৫০ মিলিয়ন বৃক্ষরোপণ কর্মসূচি’ এবং ‘পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল/ জলপথ পুনঃখনন’-এর মতো উদ্যোগগুলোর কথা শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীকে জানান। তিনি বলেন, এর সঙ্গে শ্রীলঙ্কার বর্তমান সরকারের ‘প্রজাশক্তি’ ও ‘ক্লিন শ্রীলঙ্কা’ কর্মসূচির মিল রয়েছে।
বৈঠকের আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রীলঙ্কার পার্লামেন্ট ভবনটি ঘুরে দেখেন।



