বাংলাদেশ ভ্রমণে উচ্চ মাত্রার সতর্কতা কানাডার

প্রতীকী ছবি
বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে কানাডা সরকার। নতুন সতর্কবার্তায়ও বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে কানাডার নাগরিকদের ‘উচ্চমাত্রার সতর্কতা অবলম্বন’ করতে বলা হয়েছে।
সোমবার হালনাগাদ করা ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল রয়েছে। রাজনৈতিক উত্তেজনা তীব্র রয়েছে। বিচারিক কার্যক্রম ও রাজনৈতিক সমাবেশের প্রতিক্রিয়ায় পূর্ব সতর্কতা ছাড়াই বিক্ষোভ ও অস্থিরতা দেখা দিতে পারে। এর ফলে পরিবহন ব্যবস্থায় বিঘ্ন, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ অথবা সহিংস সংঘর্ষ ঘটতে পারে।
বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো ক্রমবর্ধমান সহিংসতার পরিপ্রেক্ষিতে স্থানীয় কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বলেও উল্লেখ করা হয়েছে সতর্কতায়। এই অঞ্চলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা, অপহরণ এবং বিক্ষিপ্ত জাতিগত সংঘর্ষের গুরুতর ঝুঁকি রয়েছে।
হালনাগাদ সতর্কতায় বাংলাদেশের পার্বত্য অঞ্চলে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কানাডা সরকার। এ অঞ্চলে রাজনৈতিক সহিংসতা, অপহরণ ও সংঘর্ষের ঝুঁকির কথাও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে। তবুও কেউ সেখানে যেতে চাইলে কমপক্ষে ১০ দিন আগে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।




