একদিনে দুই বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

সংগৃহীত ছবি
ঢাকা ও চট্টগ্রামের দুই বিমানবন্দর থেকে একদিনেই প্রায় পাঁচ কোটি টাকার স্বর্ণ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার এসব স্বর্ণ উদ্ধার করা হয়। এরমধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর শরীরের অভ্যন্তর থেকে প্রায় ৪ কোটি টাকার এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রাইপ্যান ও সবজি গ্রেটারের ভেতর থেকে প্রায় ১ কোটি টাকার স্বর্ণবার ও স্বর্ণপেস্ট উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
চট্টগ্রামে রান্নার সরঞ্জামের ভেতরে ৪৬৬ গ্রাম স্বর্ণবার
গতকাল সকাল ৭টায় আবুধাবি থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন যাত্রী কামরুল ইসলাম।
যাত্রী ১০০ গ্রাম স্বর্ণালংকার বহনের ঘোষণা দিলেও অতিরিক্ত স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করেন। পরে তার ব্যাগেজ তল্লাশি করে ফ্রাইপ্যান ও সবজি গ্রেটারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো চারটি খণ্ডিত স্বর্ণবার উদ্ধার করা হয়। এগুলোর মোট ওজন ৪৬৬ গ্রাম।
ঘোষিত ১০০ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ৫৬৬ গ্রাম স্বর্ণ আটক করা হয়। শুল্ক-করাদিসহ উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ৯৮ লাখ ৩০ হাজার টাকা।
ঢাকায় দুই যাত্রীর শরীরের অভ্যন্তরে ছয়টি ‘স্বর্ণের ডিম’
একই দিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মালদ্বীপ থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন দুই যাত্রী মোহাম্মদ সোলাইমান ও জোবায়ের আহমদ।
কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের অভিযানে তাদের প্রত্যেকের শরীরের অভ্যন্তরে, রেক্টামে লুকানো অবস্থায় তিনটি করে মোট ছয়টি ডিম্বাকৃতির স্বর্ণপেস্টের বস্তু উদ্ধার করা হয়। উদ্ধার করা বস্তুগুলোর প্রাথমিক মোট ওজন ২ কেজি ৭৩৪ গ্রাম। এগুলোর আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা।
তবে এসব বস্তুতে প্রকৃত স্বর্ণের পরিমাণ এখনো নিশ্চিত করা হয়নি। সংশ্লিষ্টদের আটক করে মামলা করা হয়েছে বলে জানানো হয়েছে। আলামতের যথাযথতা সংরক্ষণের স্বার্থে বস্তুগুলো অবিকৃত রেখে উপযুক্ত পরীক্ষার পর বিশুদ্ধ স্বর্ণের ওজন ও প্রকৃত মূল্য নির্ধারণ করা হবে।



