মনে হয়

বই পড়ার মধ্যে আছে অদ্ভুত এক জাদু! ভিন্ন ধরনের এক ভালো লাগা। হাতে পছন্দের বই নিয়ে পড়া শুরু করলেই কিছুক্ষণের জন্য থমকে যায় নিজ জীবন। তখন অন্য কারও সুখে মন খুশি হয়, আবার অন্য কারও দুঃখে ভিজে ওঠে চোখ। বইয়ের ভেতর দিয়েই বাঁচিয়ে রাখা যায় কতশত জীবন! তবে বিস্ময়ের ব্যাপার হলো, ২০৫০ সালে সাহিত্যকে জীবন্ত করে তোলার ক্ষমতা চলে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) হাতে। অসাধারণ একজন লেখকের মতো করেই লিখতে শুরু করবে প্রযুক্তি। এতে করে পাতায় ফুটে উঠতে ব্যর্থ হবে মানুষের আবেগ। ভবিষ্যতে এআই যত ভালো লেখকই হয়ে উঠুক না কেন, পাঠক তাও প্রতিটি পাতায় খুঁজে বেড়াবে আবেগ। এ কারণেই ২০৫০ সালে খ্যাতি পাবে আত্মজীবনী ও ব্যক্তিগত প্রবন্ধ। যুক্তরাষ্ট্রের লেখক ও ব্যবসায়ী ম্যাক্স নুসেনবাম ২০২২ সালে দিয়েছেন এমনই এক পূর্বাভাস।
তার বিশ্বাস, ভবিষ্যতে এআই এতটাই দক্ষ হয়ে উঠবে যে, সে নিজেই লিখতে পারবে দুর্দান্ত সব উপন্যাস ও সিনেমার গল্প। এআইর লেখা বোধহয় একটু অদ্ভুত মনে হবে, কিন্তু মোটেও খারাপ হবে না। ছোটগল্প থেকে শুরু করে মার্ভেল সিনেমার কাহিনি, সবই অল্প সময়ের মধ্যে তৈরি করে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা। তবে অনেক বেশি পারদর্শী হয়ে উঠলেও প্রায়ই এআই ও মানুষের লেখা উপন্যাসের মধ্যে পার্থক্য ধরতে পারবেন পাঠকরা। আর এ অবস্থায় আত্মজীবনী, ব্যক্তিগত প্রবন্ধ এবং মানবিক অভিজ্ঞতা দিয়ে পূর্ণ সাহিত্যগুলোর অন্য রূপগুলো বর্তমানের তুলনায় আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবে ২০৫০ সালে।



