‘পিএস ৫’ ইমুলেটর, লক্ষ্য ‘জিটিএ ৬’

পিসিতেই যাতে জিটিএ ৬ খেলা যায়, সে লক্ষ্যেই অনেকে ইমুলেটরের অগ্রগতির দিকে নজর রাখছেন।
বিশ্বব্যাপী আগামী ১৯ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে বছরের সবচেয়ে আলোচিত গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ বা ‘জিটিএ ৬’। তবে রকস্টার গেমটি শুধু প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্স/এসের জন্য প্রকাশের ঘোষণা দেওয়ায় পিসি গেমারদের মধ্যে ‘পিএস ৫ ইমুলেটর’ ব্যবহারের আগ্রহ ব্যাপক হারে বেড়েছে। পিসিতেই যাতে জিটিএ ৬ খেলা যায়, সে লক্ষ্যেই অনেকে ইমুলেটরের অগ্রগতির দিকে নজর রাখছেন।
বর্তমানে এই খাতে কাজ করা তিনটি প্রধান প্রজেক্ট হলো শার্পইমু, আরপিসিএসএক্স ও কিটি। এর মধ্যে ‘শার্পইমু’ সবচেয়ে বেশি কারিগরি অগ্রগতি দেখিয়েছে, যা কিছু বাণিজ্যিক গেমের প্রাথমিক ফ্রেম বা লোগো প্রদর্শন করতে পারছে। অন্যদিকে, ‘আরপিসিএসএক্স’ সফলভাবে পিএস ৫-এর সিস্টেম ইন্টারফেস ও সেফ মোড বুট করতে পারলেও সরাসরি গেম রান করতে পারছে না। আর ‘কিটি’ প্রজেক্টটির কাজ বর্তমানে বেশ ধীরগতির। সানডে গার্ডিয়ান লাইভের প্রতিবেদনে বলা হয়েছে, গেমিং গবেষকদের মতে, পিএস ৫ ইমুলেশন প্রযুক্তি এখনো একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। এটি মূলত কনসোল সফটওয়্যার সংরক্ষণের একটি পরীক্ষামূলক প্রচেষ্টা মাত্র।




