স্বপ্ন এমন সত্যি হলে
নাজিয়া ফেরদৌস

অলংকরণ করেছেন রজত
ছোট্ট খোকা স্বপ্ন দেখে
গ্রামের পাশে মাঠে,
বটের তলে সবার সাথে
মন দিয়েছে পাঠে।
গ্রামের বিলে মাছ ধরছে
তুলছে জমির শাক,
চড়ুই, ঘুঘু, পানকৌড়ির,
শুনেছে মধুর ডাক।
ডাংগুলি আর চি-বুড়িচি
খেলছে বিকেল জুড়ে,
সারাটা দিন পাখ-পাখালি
দেখছে ঘুরে ঘুরে।
গ্রামের মেলায় ঘুরে ফিরে
চড়ছে নাগরদোলা,
স্বপ্ন এমন সত্যি হলে
যেত কি আর ভোলা?



