খেঁকশিয়ালের শখ
আবেদীন জনী

সংগৃহীত ছবি
খেঁকশিয়ালের শখ হয়েছে সাজতে ভয়াল বাঘ
তাই এঁকেছে শরীর জুড়ে ডোরাকাটা দাগ।
মুখ মাথা ও কান ঢেকেছে বাঘের মুখোশ পরে
বুঝবে না কেউ শিয়াল এটা, বুঝবে কেমন করে?
ডাকবে না সে হুক্কাহুয়া, করবে হালুম হুম
তখন কী যে হবে মজা, তাকদুমা তাকদুম!
মুরগি তো নয়, ধরবে হরিণ, মোষ-গরু হররোজ
পেটটা ভরে মজায় মজায় করবে ভূরিভোজ।
আনন্দে তাই শিয়াল দিল বাঘের মতো লাফ
পড়ল গিয়ে কাঁটার ঝোপে, ডাকল সে বাপ বাপ!
বিঁধল গায়ে অনেক কাঁটা, মচকালো দুই ঠ্যাং
সেই থেকে সেই শিয়াল নাকি রোজ হাঁটে ঢ্যাং ঢ্যাং।
সবাই বলে ল্যাংড়া শিয়াল, ফোটায় কথার হুল
লোভের বশে বাঘ সেজেছ? এটাই মস্ত ভুল।



