স্বাস্থ্য টিপস
ঠোঁট ফাটা বা ঘা হলে অবহেলা নয়

গ্রাফিকস: আগামীর সময়
ঠোঁট ফাটা বা ঘা যেকোনো ঋতুতেই হতে পারে, তবে শীত ও শুষ্ক মৌসুমে এ সমস্যা বেশি দেখা যায়। এটি সাধারণ সমস্যা হলেও কখনো অন্য চর্মরোগের লক্ষণ হতে পারে। তখন এর সঙ্গে ঠোঁটে প্রদাহ, লালচে ভাব, ফোলা, ফাটল, চামড়া ওঠা, চুলকানি, ব্যথা এমনকি রক্তপাতও হতে পারে।
কেন হয়: আবহাওয়ার শুষ্কতা, বারবার জিহ্বা বা লালা দিয়ে ঠোঁট চাটা, দাঁত দিয়ে ঠোঁট কামড়ানো, টুথপেস্ট, মাউথওয়াশ, লিপবাম, লিপস্টিক ও অন্যান্য প্রসাধনী ব্যবহারে এ সমস্যা হতে পারে। অতিরিক্ত রোদ বা বাতাস এবং কিছু ফল খাওয়ার পরও ঠোঁটে প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এ ছাড়া একজিমা, সোরিয়াসিস, পাইওরিয়া, ছত্রাকের সংক্রমণ, রেটিনয়েড থেরাপি ও ভিটামিনের ঘাটতিও কারণ হতে পারে।
করণীয় কী: কারণ চিহ্নিত করে তা এড়িয়ে চলুন। অলিভ অয়েল, গ্লিসারিন বা মানসম্মত সাদা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যায়। প্রয়োজন অনুযায়ী চিকিৎসক ট্যাক্রোলিমাস, পাইমেক্রোলিমাস, স্বল্পমাত্রার স্টেরয়েড, জিংক অক্সাইড, অ্যান্টিফাঙ্গাল বা অ্যান্টিবায়োটিক দিতে পারেন। কিছু ক্ষেত্রে লেজার থেরাপিও প্রয়োজন হতে পারে।
প্রতিরোধের উপায়: পর্যাপ্ত পানি পান করুন, ঠোঁট চাটা বা কামড়ানো বন্ধ করুন। টুথপেস্ট, মাউথওয়াশ ও প্রসাধনী ব্যবহারে সতর্ক থাকুন। অতিরিক্ত রোদ ও বাতাস এড়িয়ে চলুন; ছাতা ও সানস্ক্রিন ব্যবহার করুন।
সমস্যা দীর্ঘস্থায়ী হলে অবহেলা না করে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
লেখক : চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, সিনিয়র কনসালটেন্ট, আলোক হেলথকেয়ার, মিরপুর।



