একটি সন্ত্রাসী হামলা, অপরটি বিক্ষোভ
অস্ট্রেলিয়া-নেপালের ভিডিও বাংলাদেশের বলে অপপ্রচার

ছবিঃ আগামীর সময়
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে “যারা বলে গণহত্যার সাথে আওয়ামী লীগ জড়িত তাদের জন্য এই ভিডিওটা তাহলে এরা কারা?” শিরোনামে দুটি ভিডিও শেয়ার করে সেগুলোকে বাংলাদেশের ঘটনা হিসেবে দাবি করা হচ্ছে।
তবে অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত ভিডিওগুলোর কোনোটিই বাংলাদেশের নয়। যাচাই করে জানা যায়, একটি ভিডিও অস্ট্রেলিয়ার সিডনিতে সংঘটিত একটি সন্ত্রাসী হামলার এবং অন্যটি নেপালের জেন-জি প্রজন্মের বিক্ষোভের পুরোনো ফুটেজ।
প্রথম ভিডিওটি ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ১৪ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনের সঙ্গে মিলে যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সেদিন সিডনির বন্ডি সমুদ্র সৈকতে একটি অনুষ্ঠানে বন্দুকধারীদের হামলায় এক শিশুসহ বহু হতাহতের ঘটনা ঘটে। ভাইরাল ভিডিওটি সেই ঘটনারই অংশ।
অন্যদিকে, দ্বিতীয় ভিডিওটি ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে প্রকাশিত একটি পোস্টের সঙ্গে মিলে যায়। এতে দেখা যায়, নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্ত ও দুর্নীতির প্রতিবাদে জেন-জি প্রজন্মের বিক্ষোভের দৃশ্য। ভাইরাল ভিডিওটি সেই বিক্ষোভ চলাকালীন ধারণ করা।
অর্থাৎ, দুটি ভিন্ন দেশের পুরোনো ভিডিওকে একত্র করে বাংলাদেশের ঘটনা বলে আওয়ামী লীগকে 'সমর্থন' করে প্রচার করা হচ্ছে, যার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। সুতরাং, অস্ট্রেলিয়া ও নেপালের পৃথক ঘটনার ভিডিও ব্যবহার করে বাংলাদেশের দাবি ছড়ানো সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর।



