মৃণাল কান্তি দাসের পাশে শেখ হাসিনার ছবিটি এআই

ছবি: আগামীর সময়
সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের পাশে শেখ হাসিনা দাঁড়িয়ে আছেন— দাবি করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবিটি নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহল ও বিভ্রান্তি তৈরি হয়েছে।
তবে তথ্য যাচাই-বাছাইয়ে এই দাবির কোনো সত্যতা বা বাস্তব ভিত্তি পাওয়া যায়নি। অনুসন্ধানে দেখা গেছে যে, আলোচিত ছবিটি কোনো বাস্তব ঘটনার প্রতিফলন নয়। এ ধরনের ছবি প্রকাশ বা ঘটনাটির সত্যতা নিশ্চিত করে— এমন কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে তথ্য মেলেনি।
প্রযুক্তিগত বিশ্লেষণ ও এআই শনাক্তকরণ
ছবিটির সত্যতা নিশ্চিত করতে বিভিন্ন ডিজিটাল টুল ও প্রযুক্তিগত বিশ্লেষণ ব্যবহার করা হয়। চ্যাটজিপিটি (ChatGPT)-এর মূল প্রতিষ্ঠান ‘ওপেনএআই’ (OpenAI)-এর নিজস্ব এআই শনাক্তকারী টুলে ছবিটি পরীক্ষা করা হয়েছে। সেই পরীক্ষায় ছবিটিকে এআই-নির্ভর বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হওয়ার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। ওপেনএআই সাধারণত তাদের তৈরি ডিজিটাল কনটেন্টে নির্দিষ্ট কিছু সিগন্যাল বা মেটাডাটা যুক্ত করে, যা বিশেষ বিশ্লেষণের মাধ্যমে শনাক্ত করা সম্ভব হয়েছে।
হাইভ ডিটেক্টের প্রমাণ
ওপেনএআই টুলের পাশাপাশি বহুল ব্যবহৃত এআই শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘হাইভ ডিটেক্ট’ (Hive Detect)-এ ছবিটি পরীক্ষা করা হয়। এই প্ল্যাটফর্মটিও ছবিটিকে ৮৭.৫ শতাংশ এআই-জেনারেটেড বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি হিসেবে চিহ্নিত করেছে।
সামগ্রিক কারিগরি প্রমাণ ও অনুসন্ধানের ওপর ভিত্তি করে এটি শতভাগ নিশ্চিত যে, মৃণাল কান্তি দাসের পাশে শেখ হাসিনার উপস্থিতির দাবিটি সম্পূর্ণ মিথ্যা। প্রচারিত ছবিটি বাস্তব কোনো ছবি নয়, বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি করা একটি সম্পূর্ণ কাল্পনিক দৃশ্য।




