নতুন ভূমিকায় আসছেন পার্নো মিত্র

নতুন ভূমিকায় প্রযোজনার জগতে পা রেখেছেন অভিনেত্রী পার্নো মিত্র। ‘স্পিরিট অফ দ্য ওয়াইল্ড লাইফ’ শিরোনামের একটি তথ্যচিত্রে কার্যনির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন তিনি। পরিচালনা করেছেন শ্রীময়ী চক্রবর্তী। চলতি মাসেই তথ্যচিত্রটি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।
শনিবার সমাজমাধ্যমে নিজেই নতুন এই যাত্রার খবর জানান পার্নো। তার এ পদক্ষেপে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় সাড়া পেয়েছেন তিনি।
তথ্যচিত্রটির গল্প আবর্তিত হয়েছে সাঁওতাল সম্প্রদায়ের দুই নারী অঙ্কিতা ও বিনুকে কেন্দ্র করে। মহুয়া তৈরি ও বিক্রি করেই তাঁদের জীবিকা চলে। এর মধ্যে একজনের স্বপ্ন পুরুষ হিসেবে বেঁচে থাকা। তাঁদের জীবনসংগ্রাম ও দুঃসাহসী স্বপ্নের গল্প নিয়েই নির্মিত হয়েছে এই কাজ।
ট্যাবারনাকল স্ট্রিট ফিল্মস ও আদ্যা ফিল্মসের ব্যানারে তথ্যচিত্রটি প্রযোজনা করেছেন শ্রীময়ী চক্রবর্তী ও ওম সিংহ। পার্নো মিত্রের পাশাপাশি রুশা বসুও সহ-কার্যনির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন। এছাড়া রাধিকা পিরামল ও নীরজ চুড়ির সম্পৃক্ততায় নির্মাণটি আরও সমৃদ্ধ হয়েছে।
নতুন ভূমিকায় কাজের অভিজ্ঞতা নিয়ে পার্নো মিত্র উল্লেখ করেন, এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি ভীষণ আনন্দিত। তার ভাষ্য, এমন একটি সংগ্রামের গল্পের অংশ হতে পারা বড় প্রাপ্তি। এখন কান চলচ্চিত্র উৎসবে তথ্যচিত্রটির প্রদর্শনের অপেক্ষায় রয়েছেন তিনি।




