প্রাঙ্গণোমোরের ‘দেওয়ান গাজীর কিসসা’ বাতিল করল মহিলা সমিতি

ছবি: আগামীর সময়
শিল্পকলা একাডেমির পর এবার মহিলা সমিতি মিলনায়তনেও বাতিল হলো প্রাঙ্গণেমোর নাট্যদলের ‘দেওয়ান গাজীর কিসসা’ নাটকের প্রদর্শনী। ১৯ ও ২০ নভেম্বর নাটকটি মঞ্চায়নের জন্য মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনটি ভাড়া নিয়েছিল প্রাঙ্গণেমোর।
নাটকটি অনুমতি না নিয়ে মঞ্চায়ন করা হচ্ছে, অভিযোগ তুলে নাগরিক নাট্য সম্প্রদায় থেকে মহিলা সমিতি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়। এর প্রেক্ষিতে প্রাঙ্গণেমোরকে দেওয়া মিলনায়তন বরাদ্দ বাতিল করে মহিলা সমিতি।
এর আগে গত ১৮ নভেম্বর নাটকটি মঞ্চায়নে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনটি বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু হুট করেই শিল্পকলা একাডেমি জানায়, তারা নজরুল বর্ষ উপলক্ষ্যে কাজী নজরুল ইসলাম রচিত নাটকের মঞ্চায়ন করবে। এর জন্য ১৮ নভেম্বর শিল্পকলায় প্রাঙ্গণেমোরকে দেওয়া মিলনায়তনের বরাদ্দ বাতিল করা হয়।
ব্রের্টল্ড ব্রেখটের গল্প থেকে ‘দেওয়ান গাজীর কিসসা’ নাটকের রূপান্তর করেছেন আসাদুজ্জামান নূর। ১৯৭৭ সালে নাগরিক নাট্যসম্প্রদায়ের প্রযোজনায় নাটকটি প্রথম মঞ্চে আসে।
মহিলা সমিতি কেন অনুমতি দেয়নি?
প্রাঙ্গণোমোরের দাবি, আসাদুজ্জামান নূরের কাছ থেকে কয়েক বছর আগে নাটকটি মঞ্চায়নের জন্য মৌখিক অনুমতি নিয়েছে তারা।
মহিলা সমিতি কর্তৃপক্ষ গত ১৬ নভেম্বর মিলনায়তন বরাদ্দ বাতিল করে যে চিঠি দিয়েছে, তাতে কারণ হিসেবে বলেছে, অনুমতি ছাড়া নাটকটির মঞ্চায়নে নাগরিক নাট্য সম্প্রদায়ের আপত্তি রয়েছে।
এমন প্রেক্ষাপটে প্রাঙ্গণেমোর নাট্যদল আসাদুজ্জামান নূরের পরিবারের কাছে লিখিত আবেদন করে নাটকটি মঞ্চায়নে অনুমতি চায়। গত ১৭ নভেম্বর পরিবার থেকে নাটকটি মঞ্চায়নে অনুমতি দেওয়া হয়। এরপর নাগরিক নাট্য সম্প্রদায়ও নাটকটি মঞ্চায়নে তাদের আপত্তি তুলে নেয়।
নাগরিক নাট্য সম্প্রদায় অনুমতি দেওয়ার বিষয়টি মহিলা সমিতিকেও অবহিত করে। কিন্তু মহিলা সমিতি কর্তৃপক্ষ প্রাঙ্গণেমোরকে মিলনায়তন বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে আগের সিদ্ধান্তেই অনড় থাকে।
অনুমতি জটিলতা দূর হওয়ার পরও মহিলা সমিতি কেন প্রাঙ্গণেমোরকে মিলনায়তন বরাদ্দ দিচ্ছে না? তা জানতে প্রতিষ্ঠানটির একাধিক দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করেছে আগামীর সময়। তারা কেউ আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি।
মহিলা সমিতির সাধারণ সম্পাদক তামান্না রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে প্রাঙ্গণেমোরকে দেওয়া চিঠিতে মহিলা সমিতি বলেছে, নাগরিক নাট্য সম্প্রদায় থেকে আপত্তি জানিয়ে প্রেরিত চিঠির কারণে তারা মিলনায়তন বরাদ্দ বাতিল করেছে।
নাগরিক নাট্য সম্প্রদায় থেকে মঞ্চায়নে 'আপত্তি নেই', জানানোর পরও তারা কেন বরাদ্দ দিচ্ছে না? এ বিষয়ে মহিলা সমিতির ভাষ্য, ‘পুনরায় হল বরাদ্দের জন্য মিটিং করার প্রয়োজন, যা এই স্বল্প সময়ে সম্ভব নয়। পরবর্তী মিটিং না হওয়া পর্যন্ত মিলনায়তন বরাদ্দ বাতিল অব্যহত থাকবে।’
প্রাঙ্গণেমোরের প্রতিষ্ঠাতা ও প্রধান অনন্ত হিরা বলেছেন, ‘মিলনায়তন বরাদ্দ বাতিল করায় আমরা মানসিকভাবে বিপর্যস্ত, আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি। এই ঘটনার তীব্র নিন্দা জানাই।’
যা বলছে নাগরিক নাট্য সম্প্রদায়
নাগরিক নাট্য সম্প্রদায় লিখিত বক্তব্যে বলেছে, ‘এই ঘটনায় নাগরিককে দোষারোপ করার কোন রকম যুক্তি নেই। নাগরিক সব সময় সুস্থ সংস্কৃতিচর্চার পক্ষে কাজ করে।’
তাদের ভাষ্য, 'নাগরিক নাট্য সম্প্রদায় যখন অবগত হয় যে প্রাঙ্গণেমোর নাগরিক নাট্য সম্প্রদায়ের বহুল প্রশংসিত ও সর্বাধিক মঞ্চায়িত নাটক ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চে আনছে এবং এটা নাগরিকের পূর্বানুমতি ছাড়াই মঞ্চে আনতে যাচ্ছে। এটা যেহেতু নাগরিকের সর্বাধিক মঞ্চায়িত মঞ্চসফল একটি প্রযোজনা। এই নাটকের সাথে নাগরিকের দীর্ঘ ইতিহাস ও সুনাম জড়িয়ে আছে। বছরের পর বছর অনেক কষ্ট-শ্রম আর ঘাম ঝরিয়ে এই সুনাম অর্জন করতে হয়েছে নাগরিক পরিবারকে। এই আবেগ থেকেই নাগরিক নাট্য সম্প্রদায় ও লেখকের অনুমতি ছাড়া নাটকটি মঞ্চায়িত না করার জন্য প্রাঙ্গণেমোরকে লিখিত অনুরোধ জানায় এবং এ ব্যাপারে মহিলা সমিতিকেও অবহিত করে। পরে প্রাঙ্গণেমোর নাটকটি মঞ্চায়নে লিখিত আবেদন করে অনুমতি চাইলে, তা দেওয়া হয় এবং মহিলা সমিতি কর্তৃপক্ষকে নাটকটি মঞ্চায়নে সহায়তা করার জন্যও বলা হয়।'



