প্রতিবাদের সুরে নিরাকার

(বাঁ থেকে) ছুট্টি, আদনান, মুন, পূর্ণ ও জাকির
বাকস্বাধীনতা, মানবাধিকার ও ব্যক্তিস্বাধীনতার বার্তা নিয়ে নতুন গান প্রকাশ করছে ব্যান্ড অ্যাবাউট ডার্ক। ‘নিরাকার’ শিরোনামে গানটি আজ ব্যান্ডটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। গানটির মধ্য দিয়ে মানুষের কণ্ঠরোধ, চিন্তার স্বাধীনতা সংকুচিত করা এবং নিজস্ব পরিচয় হারিয়ে ফেলার বিরুদ্ধে প্রতিবাদ তুলে ধরতে চায় ব্যান্ডটি। গানটির ভাবনায় ‘নিরাকার’ শুধু হতাশা কিংবা ব্যর্থতার প্রতীক নয়; বরং এটি নিজের অস্তিত্ব, মতপ্রকাশ ও স্বাধীনতা ফিরে পাওয়ার আকাঙ্ক্ষারও প্রকাশ। ভয় কিংবা সামাজিক চাপের কারণে মানুষ যখন সত্য উচ্চারণে পিছিয়ে যায়, তখন তার নীরবতা ও পরিচয়ের সংকট আরও প্রকট হয়ে ওঠে। এই বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে শ্রোতাকে নিজের স্বাধীনতা ও অধিকার নিয়ে ভাবতে উৎসাহিত করতে চায় অ্যাবাউট ডার্ক।
ব্যান্ডটির বর্তমান লাইনআপে রয়েছেন ভোকাল মুন, গিটারিস্ট নাসির উল্লাহ ছুট্টি ও আরফান আহমেদ পূর্ণ, বেইজিস্ট আদনান আহমেদ ফিরোজ এবং ড্রামার জাকির। আপাতত পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশের পরিকল্পনা নেই তাদের। বরং বিভিন্ন মঞ্চে নিজেদের গান শ্রোতাদের সামনে তুলে ধরতে আগ্রহী ব্যান্ডটির সদস্যরা। সামনের দিনগুলোতে নিয়মিত স্টেজ শোতে অংশ নেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের।




