‘ইঙ্ক’ দিয়ে শুরু হবে ভেনিস চলচ্চিত্র উৎসব

‘ইঙ্ক’ চলচ্চিত্রের দৃশ্যে জ্যাক ও’কনেল -স্টুডিও ক্যানাল
৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র নির্বাচিত হলো অস্কারজয়ী পরিচালক ড্যানি বয়েলের ‘ইঙ্ক’। আমেরিকান মিডিয়া মোগল রুপার্ট মারডকের ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান অধিগ্রহণকে কেন্দ্র করে এর গল্প। প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে সিনেমাটি। আগামী ২ সেপ্টেম্বর ভেনিসের সালা গ্রান্দে প্রেক্ষাগৃহে এর বিশ্ব প্রিমিয়ার হবে। গত বৃহস্পতিবার উৎসব কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।
‘ইঙ্ক’ চলচ্চিত্রে দেখা যাবে, ১৯৬৯ সালে দ্য সান পত্রিকা অধিগ্রহণ করে সম্পাদক ল্যারি ল্যাম্বের হাতে পত্রিকাটির দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন রুপার্ট মারডক। এর মাধ্যমে দ্য সান ব্রিটেনের সর্বাধিক জনপ্রিয় ট্যাবলয়েডে পরিণত হয় এবং দেশটির সংবাদমাধ্যমের চেহারা বদলে দেয়। এ চলচ্চিত্রে অভিনয় করেছেন জ্যাক ও’কনেল, গাই পিয়ার্স এবং ক্লেয়ার ফয়।
ড্যানি বয়েলের উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘স্লামডগ মিলিয়নেয়ার’, ‘ট্রেনস্পটিং’ এবং ‘২৮ ইয়ার্স লেটার’।
এবারের ভেনিস উৎসবে নির্বাচিত চলচ্চিত্রগুলোর পূর্ণাঙ্গ তালিকা চলতি মাসের শেষ দিকে ঘোষণা করা হবে। আসরের পর্দা নামবে ১২ সেপ্টেম্বর।




