ম্রুণাল আছেন নাকি নাই

আল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলির নতুন সিনেমা ‘রাকা’য় অভিনয় করছেন ম্রুণাল ঠাকুর— এমন গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরেই। এক সাক্ষাৎকারে ম্রুণাল জানিয়েছেন, নিজের আসন্ন সিনেমাগুলোর ঘোষণা শুধুমাত্র সামাজিক যোগাযোগমাধ্যমেই দেবেন।
নতুন সিনেমা নিয়ে গুঞ্জনের পাশাপাশি সাক্ষাৎকারে নিজের অভিনয় ও সিনেমা নির্বাচনের ভাবনা নিয়েও কথা বলেছেন ম্রুণাল ঠাকুর। তার মতে, প্রতিটি কাজ থেকেই শেখার সুযোগ রয়েছে। কোনো অভিজ্ঞতাকে ব্যর্থতা হিসেবে দেখার চেয়ে সেই প্রক্রিয়াকে উপভোগ করতেই বেশি আগ্রহী তিনি।
ম্রুণাল বললেন, ‘একটি পরীক্ষা যেমন লক্ষ্য, উপকরণ, পর্যবেক্ষণ ও উপসংহার নিয়ে এগোয়, তেমনি অভিনয়ও আমার কাছে শেখার একটি প্রক্রিয়া। কোনো কাজ সফল হয়নি— এমন সিদ্ধান্তে পৌঁছাতে চাই না। আমার কাছে প্রতিটি অভিজ্ঞতাই বেঁচে থাকা ও শেখার অংশ।’
‘রাকা’ আল্লু অর্জুন অভিনীত একটি কল্পবিজ্ঞানভিত্তিক সিনেমা। পরিচালনা করছেন তামিল নির্মাতা অ্যাটলি। ২০২৭ সালে মুক্তির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বড় বাজেটের এই সিনেমা। এতে দীপিকা পাড়ুকোনও অভিনয় করছেন।
ভারত জুড়ে একাধিক ভাষায় মুক্তির লক্ষ্যে নির্মিত সিনেমাটি এরই মধ্যে প্রযুক্তিগত আয়োজনের কারণে আলোচনায় এসেছে। রিয়েল-টাইম মোশন ক্যাপচারে একসঙ্গে ৩৭ জন অভিনয়শিল্পীর অংশগ্রহণের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জনের খবরও প্রকাশিত হয়েছে।




