জামায়াতের হয়ে তারেক রহমানের আসনে লড়তে চান হিরো আলম

হিরো আলম
হিরো আলম মানেই বিতর্ক, আলোচনা অথবা সমালোচনা। তিনি নিজেও এসব পছন্দ করেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বলেছিলেন, নির্বাচন করবেন। ফরমও উঠিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন করেননি। এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন। হবে উপ নির্বাচন, এবার সেই আসনে নির্বাচন করতে চান হিরো আলম।
এবার আর আমজনতা দলের হয়ে নয়, বরং দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিতে চান তিনি। সম্ভাব্যভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী অথবা এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চান হিরো আলম। ‘আমাকে মানুষ চেনে। বগুড়া-৬ আসনে আমার বাড়ি। যেহেতু এই আসনে উপনির্বাচন হচ্ছে। তাই আমি নির্বাচনে অংশগ্রহণ করব। তবে দল থেকে করতে চেষ্টা করছি। হতে পারে বাংলাদেশ জামায়াতে ইসলামী অথবা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে।’ বললেন হিরো আলম।
এও বললেন, ‘জামায়াত ও এনসিপিকে আমার ভালো লাগে। তাই আমি এই দুই দলের কাছে মনোনয়ন চাইব। আমি আশা করছি দল দুটি আমাকে প্রার্থী হিসেবে বিবেচনা করবে।’
তবে মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি রয়েছে বলে ইঙ্গিত দেন তিনি। এর আগে ২০২৩ সালে এই আসনের উপনির্বাচনে অংশ নিয়ে জামানত হারান হিরো আলম। তখন তিনি ৫ হাজার ২৭৪ ভোট পান, যেখানে জামানত রক্ষায় প্রয়োজন ছিল ১১ হাজার ৪৬৮ ভোট।



