তৃতীয় সন্তানের মা হলেন অ্যান হ্যাথাওয়ে

স্বামীর সঙ্গে অ্যান
হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে ও তার স্বামী অ্যাডাম শুলম্যান তৃতীয় সন্তানের মা-বাবা হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) নিউ ইয়র্কে নবজাতককে নিয়ে ঘুরতে দেখা যায় অভিনেত্রীকে। এরপরই তাদের পরিবারে নতুন সদস্য আসার খবর প্রকাশ্যে আসে।
বিনোদনভিত্তিক সাময়িকী পিপল সূত্রের বরাতে জানিয়েছে, অ্যান হ্যাথাওয়ে ও অ্যাডাম শুলম্যানের নতুন সন্তান তাদের দুই ছেলে জোনাথন ও জ্যাকের সঙ্গে পরিবারে যোগ দিয়েছে। তবে নবজাতকের নাম, জন্মতারিখ ও লিঙ্গ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
জুন মাসে তৃতীয় সন্তান আসার খবর সামাজিক মাধ্যমে প্রকাশ করেছিলেন অ্যান হ্যাথাওয়ে। নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘বেবি, আমি তোমারই।’
অক্টোবরে সিবিএস মর্নিংয়ে দেওয়া এক সাক্ষাৎকারে মাতৃত্বের নতুন অধ্যায় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন অভিনেত্রী। তখন তিনি বলেছিলেন, ‘আমরা আনন্দিত, উচ্ছ্বসিত। তবে এখন আমাদের মনোযোগ চারজনের পরিবার হিসেবে এই সময়টাকে উপভোগ করার দিকে।’
তিনি আরও বলেন, ‘আমাদের সবার জীবন বদলে যাবে। তবে সবচেয়ে বেশি পরিবর্তন আসবে আমাদের সন্তানদের জীবনে। আমরা একসঙ্গে জীবনের এ সুন্দর নতুন অধ্যায় পার করতে যাচ্ছি।’
পরবর্তী সময়ে এক অনুষ্ঠানে তৃতীয়বার মা হওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেন অ্যান। তিনি বলেন, ‘এটা অসাধারণ। আমরা জানতাম কী করছি, কিন্তু এভাবে সফল হবে, তা ভেবে সত্যিই অবাক হয়েছিলাম।’
হাসতে হাসতে অভিনেত্রী আরও বলেন, ‘আমরা এতটাই অবাক হয়েছিলাম যে, এই সন্তানকে আমাদের শেষ মুহূর্তের বাজিমাত বলছি।’
অ্যান হ্যাথাওয়ে ও অ্যাডাম শুলম্যান ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের প্রথম সন্তান জোনাথনের জন্ম ২০১৬ সালে এবং দ্বিতীয় সন্তান জ্যাকের জন্ম ২০১৯ সালে। তৃতীয় সন্তান আসার মধ্য দিয়ে পাঁচ সদস্যের পরিবার হলো তাদের।
চলতি বছর অভিনয় নিয়ে বেশ ব্যস্ত সময় পার করেছেন অ্যান হ্যাথাওয়ে। দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২, দ্য ওডিসি, মাদার মেরি ও ভেরিটিসহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ব্যস্ত ক্যারিয়ারের মধ্যেই নতুন অতিথির আগমনে জীবনের আরেকটি আনন্দময় অধ্যায় শুরু হলো অভিনেত্রীর।





