কিংবদন্তি তারকাদের লুক বদলানো হেয়ারস্টাইলিস্ট জন ফ্রেইডা মারা গেছেন

জন ফ্রেইডা
ব্রিটিশ সেলিব্রিটি হেয়ারস্টাইলিস্ট এবং বিউটি ব্র্যান্ডের উদ্যোক্তা জন ফ্রেইডা মারা গেছেন। ৭৫ বছর বয়সে পরিবার ও আপনজনদের মাঝে শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বিউটি আইকন। তার প্রতিষ্ঠিত হেয়ার সেলুনের পক্ষ থেকে ইনস্টাগ্রামে এক শোকবার্তায় মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে।
ষাট ও সত্তরের দশকে বিশ্ব বিনোদন ও রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে প্রভাবশালী মুখগুলোর চুল কাটার নেপথ্যে ছিলেন জন ফ্রেইডা। প্রিন্সেস ডায়ানা, ম্যাডোনা, নিকোল কিডম্যান, স্কারলেট জোহানসন, মডেল টুইগি থেকে শুরু করে মার্কিন ফার্স্ট লেডি জ্যাকি কেনেডি কিংবা রোলিং স্টোনস-এর প্রখ্যাত গায়ক মিক জ্যাগার, সবার বিশ্বস্ত স্টাইলিস্ট ছিলেন তিনি।
১৯৭৬ সালে ‘দ্য নিউ অ্যাভেঞ্জার্স’-এর অভিনেত্রী জোয়ানা লুমলির জন্য তার সৃষ্ট আইকনিক ‘পার্ডি বোল কাট’ সে যুগে ফ্যাশন দুনিয়ায় তোলপাড় ফেলে দিয়েছিল।
১৯৫১ সালে লন্ডনের এক নাপিত পরিবারে জন্ম জন ফ্রেইডার। বাবা ও দাদার হাত ধরে চুল কাটার জগতে পা রাখলেও নিজের মেধা ও সৃজনশীলতায় দ্রুত আন্তর্জাতিক ফ্যাশন সাময়িকী ‘ভোগ’ ও ‘হার্পারস বাজার’-এ জায়গা করে নেন।
১৯৭৬ সালে সেন্ট্রাল লন্ডনে প্রথম নিজস্ব সেলুন খোলার পর গ্রাহকদের মাসের পর মাস অপেক্ষায় থাকতে হতো শুধু তার কাছে চুল কাটানোর জন্য। পরবর্তীতে লস অ্যাঞ্জেলেস থেকে ইবিজা, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে তার সেলুন।
চুল কাটার পাশাপাশি ১৯৮৮ সালে নিজের উদ্ভাবিত ‘ফ্রিজ-ইজ’ সিরাম দিয়ে বিউটি প্রোডাক্টের বাজারে বিপ্লব ঘটান তিনি। ২০০২ সালে নিজের হেয়ার কেয়ার ব্র্যান্ডটি প্রায় ৪৫০ মিলিয়ন ডলারে বিক্রি করে ব্যবসায়িক জগতে নতুন ইতিহাস গড়েন এই ব্রিটিশ তারকা।
জন ফ্রেইডার প্রয়াণে ফ্যাশন, বিউটি ও হলিউড পাড়ায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার সহকর্মী ও শিষ্যরা জানিয়েছেন, কোনো স্বার্থ ছাড়া ভালোবাসার সঙ্গে নিজের কাজটা সেরা উপায়ে করে যাওয়ার যে বার্তা জন দিয়ে গেছেন, তা ফ্যাশন দুনিয়ায় অমর হয়ে থাকবে চিরকাল।




