'ধুরন্ধর' নিয়ে আফসোস আমিরের মুখ খুললেন অভিনেতা

সংগৃহীত ছবি
বক্স অফিসে ঝড় তুলেছে ‘ধুরন্ধর’। ভাঙছে একের পর এক রেকর্ড, জয় করে নিচ্ছে দর্শকদের মন। কিন্তু এই বিশাল সাফল্যেও পুরোপুরি সন্তুষ্ট নন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। তার মতে, ভারতে যদি পর্যাপ্ত সিনেমা হল থাকত, তবে এই আয়ের অংকটা হতে পারত আরও আকাশছোঁয়া।
সম্প্রতি ভ্যারাইটি ইন্ডিয়ার সাথে এক সাক্ষাৎকারে আমির খান ভারতের বর্তমান থিয়েটার পরিকাঠামো নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি জানান, বক্স অফিসের আসল সম্ভাবনাকে কাজে লাগাতে হলে অন্তত ১৫,০০০ স্ক্রিনে সিনেমা মুক্তি দেওয়ার মতো পরিবেশ তৈরি করতে হবে।
আমির খান মনে করেন, ভারতের বিশাল জনসংখ্যা ও বৈচিত্র্যময় সংস্কৃতির তুলনায় সিনেমা হলের সংখ্যা অত্যন্ত নগণ্য। তিনি বলেন:"ভারত একটি বিশাল দেশ, অনেকটা মহাদেশের মতো। প্রতিটি রাজ্যের আলাদা ভাষা ও সংস্কৃতি রয়েছে। আমরা যদি চীনের সাথে তুলনা করি, তবে সেখানে প্রায় ১ লক্ষ স্ক্রিন রয়েছে। আর আমাদের দেশে সেই সংখ্যা মাত্র ৯,০০০। অর্থাৎ, আমরা চীনের তুলনায় মাত্র ১০ শতাংশ আউটলেট নিয়ে চলছি।"
আমির যুক্তি দেন যে, চীনে পরিকাঠামো উন্নত বলেই সেখানে একটি বড় সিনেমা শুধুমাত্র স্থানীয় বাজার থেকেই প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার আয় করতে পারে। ভারতের ক্ষেত্রেও এই সম্ভাবনা প্রবল, যদি তৃণমূল পর্যায়ে হলের সংখ্যা বাড়ানো যায়। তার মতে, থিয়েটারের সংখ্যা বাড়লে ব্যবসার ভিত্তি অর্থাৎ ‘পিরামিডের বেস’ আরও চওড়া হবে, যা ভারতের চলচ্চিত্র শিল্পকে বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
সূত্র: নিউজ ১৮















