মেয়েকে নিয়ে অপপ্রচারে ক্ষুব্ধ অর্জুন, করলেন আনুষ্ঠানিক অভিযোগ

বাবার সঙ্গে ঐশ্বরিয়া
ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা অর্জুন সারজা তার বড় মেয়ে অভিনেত্রী ঐশ্বরিয়া অর্জুনকে নিয়ে ছড়ানো বিভিন্ন অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন। মেয়ের ব্যক্তিগত জীবন ও চরিত্র নিয়ে ভিত্তিহীন ও অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগও করেছেন তিনি।
১৯ নভেম্বর দেওয়া এক বিবৃতিতে অর্জুন এসব অভিযোগের প্রতিবাদ জানান। সম্প্রতি তার ছোট মেয়ে অঞ্জনার বিয়ে ঘিরে বড় মেয়ে ঐশ্বরিয়ার দাম্পত্য জীবন নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা শুরু হয়। অঞ্জনার বিয়ের অনুষ্ঠানে ঐশ্বরিয়ার স্বামী অভিনেতা উমাপতি রামাইয়ার অনুপস্থিতি নিয়ে তৈরি হয় নানা জল্পনা। কয়েকটি সংবাদমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে তাদের দাম্পত্য জীবনে টানাপোড়েনের খবর প্রকাশিত হয়। এমনকি ঐশ্বরিয়াকে মদ্যপ হিসেবেও আখ্যা দেওয়া হয়।
এ বিষয়ে এত দিন নীরব থাকলেও মেয়ের চরিত্র নিয়ে মন্তব্যের পর মুখ খুলেছেন অর্জুন। তিনি জানান, মেয়ের ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান দেখাতেই আগে কোনো মন্তব্য করেননি। প্রত্যেক নারীর নিজের জীবন ও সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে বলেও মনে করেন তিনি।
বিবৃতিতে অর্জুন বলেন, ‘আমরা কখনোই ভাবিনি, এ বিষয়ে প্রকাশ্যে বিবৃতি দিতে হবে। আমার ছোট মেয়ের বিয়ের পর বড় মেয়ে ঐশ্বরিয়া অর্জুনের ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা শুরু হয়। তার ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানিয়ে আমি সচেতনভাবেই এ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত ছিলাম। আমি বিশ্বাস করি, প্রত্যেক নারীর নিজের সিদ্ধান্ত নেওয়ার এবং নিজের পছন্দ অনুযায়ী জীবনযাপনের অধিকার রয়েছে। ঐশ্বরিয়া যখন চাইবে, তখন নিজের জীবন নিয়ে নিজেই কথা বলবে।’
মেয়েকে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে এই অভিনেতা বলেন, ‘একজন বাবা হিসেবে মেয়েকে নিয়ে মিথ্যা ও অত্যন্ত অবমাননাকর অভিযোগ ছড়াতে দেখে আমি আর নীরব থাকতে পারি না। কোনো ব্যক্তির জনসমক্ষে পরিচিতি থাকলেই তার ব্যক্তিগত জীবন নিয়ে মনগড়া গল্প তৈরি করা কিংবা চরিত্রহননের অধিকার কারও জন্মায় না। কোনো প্রমাণ ছাড়াই একজন নারীকে মদ্যপ হিসেবে আখ্যা দেওয়া অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন ও অগ্রহণযোগ্য।’
সংবাদমাধ্যমের একাংশের ভূমিকারও সমালোচনা করেন অর্জুন। তার অভিযোগ, সত্যতা যাচাই না করে ব্যক্তিগত বিষয়কে অতিরঞ্জিত করে প্রকাশ করা হচ্ছে। এতে সাংবাদিকতার দায়িত্বশীলতা ও বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হচ্ছে।
তিনি আরও বলেন, ‘আমরা সব সময় বিশ্বাস করেছি, নীরবতাই অনেক সময় সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিক্রিয়া। কিন্তু নীরবতাকে কখনোই অভিযোগ মেনে নেওয়া হিসেবে দেখা উচিত নয়। একইভাবে ভুল তথ্য বারবার প্রচার ও ছড়িয়ে দেওয়ার সুযোগও দেওয়া যায় না। এ কারণে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছি।’
বিষয়টি শুধু তার মেয়েকে ঘিরে নয়, বরং নারীর ব্যক্তিগত জীবন ও মর্যাদার সঙ্গে সম্পর্কিত বলেও উল্লেখ করেন অর্জুন। তাঁর ভাষ্য, এ ধরনের অভিযোগ একজন নারীর আত্মসম্মান ও মানসিক সুস্থতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
মেয়ের পাশে থাকার প্রত্যয় জানিয়ে অর্জুন বলেন, ‘একজন বাবা হিসেবে আমি সব সময় আমার মেয়ের পাশে থাকব। মর্যাদা, স্বাধীনতা ও সম্মানের সঙ্গে জীবনযাপনের অধিকার তার রয়েছে। সম্মান ও মর্যাদার বিষয়ে কখনোই আপস করা যায় না।’
উল্লেখ্য, অর্জুন সারজার বড় মেয়ে ঐশ্বরিয়া অর্জুনও দক্ষিণী সিনেমার অভিনেত্রী। ২০২৪ সালের ১০ জুন অভিনেতা থাম্বি রামাইয়ার ছেলে উমাপতি রামাইয়াকে বিয়ে করেন তিনি। অন্যদিকে অর্জুনের ছোট মেয়ে অঞ্জনার বিয়ে হয় গত অক্টোবরে।
সূত্র-ডেকান ক্রনিকল





