৫২ বছর বয়সে তৃতীয়বার মা হচ্ছেন হিলারি সোয়াঙ্ক

সংগৃহীত ছবি
হলিউড অভিনেত্রী হিলারি সোয়াঙ্ক ৫২ বছর বয়সে তৃতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। গর্ভধারণের খবর প্রকাশের একদিন পরই নিউইয়র্কে প্রথমবার প্রকাশ্যে দেখা গেল অভিনেত্রীর বেবি বাম্প। ‘দ্য ড্রু ব্যারিমোর শো’-তে যাওয়ার সময় হাসিমুখে ভক্তদের অভিবাদন জানান তিনি।
অস্কারজয়ী এই অভিনেত্রী সাদা টপের সঙ্গে রঙিন কার্ডিগান, ঢিলেঢালা জিনস ও কালো বুট পরেছিলেন। পোশাকের ফাঁকে তার গর্ভাবস্থার বেবি বাম্প স্পষ্ট দেখা যায়। এটি ছিল তৃতীয় সন্তানের অপেক্ষার খবর জানানোর পর তার প্রথম প্রকাশ্য উপস্থিতি।
গত ১৪ অক্টোবর স্বামী ফিলিপ শ্নাইডার ও তিন বছর বয়সী যমজ সন্তান আয়য়া ও ওমকে নিয়ে একটি মজার ভিডিও প্রকাশ করে সুখবরটি জানান হিলারি। ভিডিওতে পরিবারের সদস্যদের শরীরে জ্বলজ্বলে আলো লাগানো ছিল। পরে হিলারির পেটের কাছে ছোট একটি আলোকিত শিশুর অবয়ব দেখা যায়। ক্যাপশনে অভিনেত্রী জানান, তাঁর পরবর্তী ‘প্রজেক্ট’ ডিসেম্বরেই আসছে। অর্থাৎ ডিসেম্বরেই তার তৃতীয় সন্তানের জন্ম হওয়ার কথা।
হিলারি ও তার স্বামী ফিলিপ শ্নাইডার ২০১৮ সালে বিয়ে করেন। ২০২৩ সালের এপ্রিলে তাদের যমজ সন্তান আয়য়া ও ওমের জন্ম হয়। এবার পরিবারে যোগ হতে যাচ্ছে আরও এক সদস্য।
এর আগে ২০২৫ সালে ‘উইমেনস হেলথ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মাতৃত্ব নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়েছিলেন হিলারি। তিনি বলেছিলেন, জীবনের পরবর্তী সময়ে মা হওয়ার কারণে তিনি আরও ধৈর্যশীল ও বোঝাপড়ার মানুষ হয়েছেন। একই সঙ্গে নিজের ক্যারিয়ার আগে থেকেই প্রতিষ্ঠিত থাকায় সন্তানদের প্রতি মনোযোগ দেওয়ার সুযোগও বেশি পেয়েছেন বলে জানিয়েছিলেন তিনি।
হিলারি সোয়াঙ্ক ‘বয়েজ ডোন্ট ক্রাই’ ও ‘মিলিয়ন ডলার বেবি’ সিনেমায় অভিনয়ের জন্য দুটি অস্কার জিতেছেন। পরবর্তী সময়ে ‘ইয়েলোজ্যাকেটস’-এর মতো টেলিভিশন সিরিজেও অভিনয় করেছেন তিনি।




