মুক্তির পথে ‘কিং’, জানা গেল তারিখ

কিং সিনেমার দৃশ্যে শাহরুখ খান- সংগৃহীত ছবি
‘ডানকি’র পর দীর্ঘদিন বড় পর্দায় দেখা নেই বলিউড বাদশাহ শাহরুখ খানের। ভক্তদের অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। মাঝখানে গুঞ্জন রটেছিল, তার বহুপ্রতীক্ষিত নতুন অ্যাকশন থ্রিলার সিনেমা ‘কিং’ নাকি পিছিয়ে যাচ্ছে।
তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে খোদ শাহরুখ খান নিজেই নিশ্চিত করেছেন— ‘কিং’ পেছাচ্ছে না, বরং নির্ধারিত তারিখ অনুযায়ী ২০২৬ সালের ২৪ ডিসেম্বরই বড় পর্দায় ধামাকা নিয়ে আসছে।
সামাজিক মাধ্যম এক্স-এ ভক্তদের সঙ্গে এক ‘আস্ক মি এনিথিং’ সেশনে এক ভক্ত আকুতি জানিয়ে প্রশ্ন করেন, ‘স্যার, ৩ বছর আগে প্রেক্ষাগৃহে শেষ আপনার ছবি দেখেছি, একটা ট্রেলারের জন্য আর কত অপেক্ষা করাবেন?’
জবাবে ভক্তদের আশ্বস্ত করে বাদশাহ লেখেন, ‘এখন আর আলাদা ট্রেলার দেখার দরকার নেই, সরাসরি সিনেমাই দেখবে। কোনো তাড়াহুড়ো করছি না, মনের মতো করে একটা ভালো সিনেমা বানাচ্ছি যাতে তোমাদের দেখে ভালো লাগে। ২৪ ডিসেম্বরের আগেই সব দেখতে পাবে।’
আরেক ভক্তের প্রশ্নের জবাবে সিনেমার শুটিং থমকে যাওয়ার আসল কারণ খোলসা করেন শাহরুখ। তিনি জানান, অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে তিনি বেশ কয়েকবার চোট পেয়েছেন।
শাহরুখ লেখেন, ‘শুটিং করতে গিয়ে বেশ কয়েকটা আঘাত লেগেছিল, তাই বারবার কাজ শুরু ও বন্ধ করতে হয়েছে। তবে এখন সব ভাঙা হাড়গোড় একদম ঠিক হয়ে গেছে এবং কাজও প্রায় শেষ পর্যায়ে’।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ বিশাল বাজেটের অ্যাকশন থ্রিলারটিতে বিনোদনের কোনো কমতি রাখছেন না কিং খান। শাহরুখের ভাষায়, ‘এই ছবিতে অ্যাকশন, গান, অভিনয়শিল্পী থেকে শুরু করে আমার চুল— সবকিছুতেই চমক আছে’।
‘কিং’ সিনেমাটি নিয়ে ভক্তদের বাড়তি আগ্রহের বড় কারণ হলো এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো বাবা-মেয়ে অর্থাৎ শাহরুখ খান ও সুহানা খানকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে।
এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চন। সব ঠিক থাকলে চলতি বছরের ২৪ ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে এই মেগা প্রজেক্ট।




