মারা গেছেন ভারতীয় অভিনেতা ভরত কাপুর

মারা গেছেন বলিউডের একসময়ের পরিচিত মুখ, দাপুটে অভিনেতা ভরত কাপুর। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে মুম্বাইয়ে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর।
খলনায়কের সহচর হিসেবে তিনি ছিলেন ব্যতিক্রম। চোখা সংলাপ আর পরিমিত অভিনয়ের জাদুতে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন ভরত কাপুর। শুধু বড়পর্দা নয়, থিয়েটার মঞ্চ থেকেও কুড়িয়েছিলেন অঢেল প্রশংসা। সোমবার সন্ধ্যায় এই অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়। তার প্রয়াণে দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধু অবতার গিল গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, কয়েক দিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন ভরত। প্রায় ৫০ বছরের দীর্ঘ বন্ধুত্ব ছিল তাদের।
সত্তরের দশকে বলিউডে যাত্রা শুরু করা এই অভিনেতা অভিনয় করেছেন ‘নুরি’, ‘রাম বলরাম’, ‘লাভ স্টোরি’, ‘বাজার’, ‘গুলামি’ ও ‘সাজন চলে শ্বশুরাল’-এর মতো ব্যবসাসফল ও জনপ্রিয় সব সিনেমায়। কখনো আইনজীবী, কখনো পুলিশ কিংবা দুর্ধর্ষ খলনায়ক— প্রতিটি চরিত্রেই তিনি ছিলেন সমান সাবলীল।
ছোটপর্দায়ও ছিল তার সরব উপস্থিতি। ‘ক্যাম্পাস’, ‘শাঁস’, ‘আমানত’, ‘তারা’ ও ‘চুনোতি’র মতো টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন তিনি। মূল স্পটলাইটে না থেকেও কেবল অভিনয়ের দক্ষতায় আলো কেড়ে নেওয়ার অদ্ভুত ক্ষমতা ছিল তার।
ভরত কাপুর স্ত্রী লোপা এবং দুই ছেলে রাহুল ও সাগরকে রেখে গেছেন। এর আগে তার একমাত্র মেয়ে কবিতা মারা যান অকালেই।




