হাসতে হাসতে ভূত-বধ

‘নয়ি নাভেলি’র পোস্টারে ইয়ামি গৌতম - আমাজন এমজিএম স্টুডিওস
বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম এ বছর শুধু ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমায় অতিথি চরিত্রে পর্দায় এসেছেন। এতে তার চরিত্রের নাম ছিল শাজিয়া বানো। কাকতালীয় ব্যাপার, নিজের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হক’-এ বাস্তবের একই নামের এক নারীর ভূমিকায় অভিনয় করে দর্শকের মন জিতেছেন তিনি। প্রায় এক বছর পর পূর্ণাঙ্গ চরিত্রে নতুন সিনেমা নিয়ে আসছেন নায়িকা। ৩৭ বছর বয়সী এই তারকাকে এবার দেখা যাবে ‘নয়ি নাভেলি’তে। এটি ভৌতিক-কমেডি ধাঁচের চলচ্চিত্র। এর পোস্টারেই গল্পের মেজাজ স্পষ্ট হয়েছে। হাসিমুখে, উৎসবের সাজে ইয়ামি গৌতম। এক অতিপ্রাকৃত চরিত্রকে কাবু করার আনন্দ তার চোখেমুখে! চারপাশে আরও কয়েকটি ভুতুড়ে চরিত্র। ভয়ে কুঁকড়ে যাওয়ার বদলে ভূত যেন এই তরুণীর কাছে হাসিঠাট্টার। আমাজন এমজিএম স্টুডিওস ও কালার ইয়েলোর যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে থাকছে পারিবারিক আবেগ, কৌতুক, রহস্য ও অতিপ্রাকৃত ঘটনার মিশেল।
গল্পের পটভূমি মিরাটের একটি বিশৃঙ্খল পরিবার। সেই পরিবারে এক ‘নিখুঁত’ নববধূর আগমন ঘটতেই যেন সবকিছু বদলে যায়। তার উপস্থিতিতে অগোছালো সংসার হয়ে ওঠে শান্তির নীড়। পরিবারের সবাই মুগ্ধ। কিন্তু নববধূর দেবরের মনে জন্ম নেয় সন্দেহ। তার চোখে বউদি যতটা আদর্শ, আসলে কি তিনি ততটাই সাধারণ? নাকি তিনি একজন ‘ডায়ান’ অর্থাৎ ডাইনি? এরপরই শুরু হয় রহস্য ও হাস্যরসের পালা। পরিবারের সম্পর্কের টানাপড়েনের সঙ্গে মিশে যায় অদ্ভুত সব ঘটনা। ফলে ‘নয়ি নাভেলি’ শুধু ভূত-ডাইনির গল্প নয়; বরং পারিবারিক সম্পর্কের ভেতর দিয়ে ফ্যান্টাসি, কৌতুক ও রহস্যকে একীভূত করা হচ্ছে এতে।
প্রযোজক আনন্দ এল রাইয়ের প্রত্যাশা, গল্পটির প্রতিটি বাঁক দর্শককে চমকে দেবে।
দশেরা উৎসব উপলক্ষে আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘নয়ি নাভেলি’। এটি পরিচালনা করেছেন বালাজি মোহন। সংগীত পরিচালনায় জি ভি প্রকাশ কুমার। তামিল ও তেলুগু সিনেমায় সাফল্যের পর এটাই তার প্রথম পূর্ণাঙ্গ হিন্দি চলচ্চিত্রের অ্যালবাম। এর আগে ‘গ্যাংস অব ওয়াসেপুর’-এ কাজ করলেও এবার পুরো হিন্দি সিনেমার সংগীতের দায়িত্বে রয়েছেন।






