জন্মদিনে স্ত্রী অদিতির প্রতি ভালোবাসায় ভরা বার্তা সিদ্ধার্থের

সিদ্ধার্থের সঙ্গে অদিতি
দক্ষিণী অভিনেত্রী অদিতি রাও হায়দারির জন্মদিনে ভালোবাসায় ভরা বার্তা দিয়েছেন তার স্বামী অভিনেতা সিদ্ধার্থ। সামাজিক মাধ্যমে একাধিক ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আদিতিকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এই অভিনেতা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আদিতির জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ার করেন সিদ্ধার্থ। সেখানে স্ত্রীকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘মহাবিশ্ব এবং এর মধ্যকার সবকিছুকে আবারও অনেক ধন্যবাদ জানানোর সময় এসেছে। আমার জীবনের সেই গুরুত্বপূর্ণ অর্ধেক মানুষটির জন্ম হয়েছিল আজকের দিনে। আমরা কোথায় কোথায় গিয়েছি, সেই গল্প বলতেই কিছু ছবি শেয়ার করলাম।’
অদিতির প্রশংসা করে সিদ্ধার্থ আরও লেখেন, তিনি সব সময়ই সবচেয়ে মিষ্টি, মেধাবী ও দয়ালু। তার মতো আর কেউ নেই বলেও উল্লেখ করেন অভিনেতা।
স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সিদ্ধার্থ লেখেন, ‘শুভ জন্মদিন, আদু জান। চলো, সূর্যকে ঘিরে আরও একটি বছর একসঙ্গে ঘুরে আসি।’ পোস্টের শেষে নিজেকে আদিতির সবচেয়ে বড় ভক্ত হিসেবে উল্লেখ করে তাঁর প্রতি ভালোবাসা প্রকাশ করেন তিনি।
সিদ্ধার্থ ও অদিতির পরিচয় হয় ২০২১ সালে তেলুগু সিনেমা ‘মহা সমুদ্রাম’-এর শুটিংয়ের সময়। পরবর্তী সময়ে তাদের বন্ধুত্ব প্রেমের সম্পর্কে রূপ নেয়। ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর তেলেঙ্গানার একটি ঐতিহাসিক পারিবারিক মন্দিরে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন তাঁরা।
ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করার কারণে এই দম্পতি প্রায়ই ভক্তদের আলোচনায় থাকেন। এবার অদিতির জন্মদিনে সিদ্ধার্থের ভালোবাসায় ভরা বার্তাও সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।
সূত্র: ডেকান ক্রনিকল




