রাহুল গান্ধীকে আক্রমণ করে ট্রলের শিকার ‘রাম’ অরুণ গোভিল

ভারতের লোকসভায় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর রাজনৈতিক কর্মকাণ্ড ও বক্তব্য নিয়ে সমালোচনা করেছেন বিজেপির সংসদ সদস্য এবং ‘রামায়ণ’ ধারাবাহিকে রামের চরিত্রে অভিনয় করা অরুণ গোভিল। তার মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সমালোচনার মুখেও পড়েছেন এই অভিনেতা-রাজনীতিক।
সম্প্রতি রাহুল গান্ধী ভারতের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়ে সরব হন। তিনি অভিযোগ করেন, দেশটির গণতন্ত্র ও সাংবিধানিক কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও একাধিকবার প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা।
এমন রাজনৈতিক পরিস্থিতিতে রাহুল গান্ধীর অবস্থানের সমালোচনা করেন অরুণ গোভিল। ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে রাহুলের বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করতে দেখা যায়। গোভিলের বক্তব্যের মূল বিষয় ছিল, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ে এ ধরনের মন্তব্য করা উচিত নয়।
এক পর্যায়ে এক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অরুণ গোভিলকে উদ্দেশ করে মন্তব্য করেন, কিউ রাম সে রাবণ বন রহে হো? অর্থাৎ, ‘রাম থেকে রাবণ হচ্ছেন কেন?’ এই মন্তব্যটি ভাইরাল হওয়ার পর বিষয়টি আরও আলোচনায় আসে।
অরুণ গোভিলের রাজনৈতিক বক্তব্য নিয়ে এর আগেও বিতর্ক হয়েছে। ২০২৪ সালে সংবিধান পরিবর্তন নিয়ে তার একটি বক্তব্য মাধ্যমে ছড়িয়ে পড়ার পরও সমালোচনা হয়েছিল। তখন তিনি বলেছিলেন, সময়ের সঙ্গে সংবিধানে পরিবর্তন এসেছে এবং প্রয়োজন হলে সবার সম্মতিতে পরিবর্তন করা যেতে পারে।
বর্তমান ঘটনাতেও অরুণ গোভিলের মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে পক্ষে-বিপক্ষে আলোচনা চলছে। রাহুল গান্ধী সাম্প্রতিক সময়ে নির্বাচনব্যবস্থা, নির্বাচন কমিশন ও সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে সরকারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযোগ তুলছেন। অন্যদিকে বিজেপি তার এসব বক্তব্যকে প্রতিষ্ঠানগুলোর প্রতি আক্রমণ হিসেবে তুলে ধরছে।





