ফাল্গুনী পাঠকের নবরাত্রির টিকিট ২ লাখ টাকা!

ভারতের মুম্বাইয়ে নবরাত্রি উৎসবকে ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। এর মধ্যেই ‘গারবা কুইন’ হিসেবে পরিচিত ফাল্গুনী পাঠকের ‘নবরাত্রি উৎসব ২০২৬’-এর টিকিটের দাম নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।
মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আগামী ১১ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে ৯ রাতের এই বিশেষ আয়োজন। ১২ আগস্ট প্রি-সেল শুরুর পর ১৩ আগস্ট থেকে সাধারণ দর্শকদের জন্য টিকিট বিক্রি শুরু হয়েছে।
আয়োজকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, এক দিনের টিকিটের দাম শুরু হচ্ছে ২ হাজার ২০০ টাকা থেকে। তবে এর সঙ্গে কর যুক্ত হবে। সবচেয়ে বেশি নজর কেড়েছে ২ লাখ ৪ হাজার টাকার ‘পড প্যাকেজ’।
এই প্রিমিয়াম প্যাকেজটি এক রাতের জন্য প্রযোজ্য এবং এতে সর্বোচ্চ ১২ জন অংশ নিতে পারবেন। প্যাকেজের সঙ্গে রয়েছে ১০ হাজার টাকার খাবার ও পানীয়ের কুপন। অন্যদিকে, পুরো আয়োজনের সিজন পাসের বর্তমান মূল্য ২০ হাজার টাকা।
টিকিটের এই মূল্য প্রকাশ্যে আসার পরই সামাজিকমাধ্যমে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। নেটিজেনদের একাংশ এত বেশি দামের টিকিট নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ বিষয়টিকে ‘দিনের আলোয় ডাকাতি’ বলে কটাক্ষ করেছেন, আবার কেউ এটিকে ‘চরম পুঁজিবাদ’ হিসেবে আখ্যা দিয়েছেন।
অনেকের মতে, নবরাত্রি ও গারবা শুধু বিনোদন নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে সাধারণ মানুষের অংশগ্রহণ ও উৎসবের সামষ্টিক আনন্দ। তাই এত চড়া দামের প্যাকেজ উৎসবটির সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক চরিত্রকে প্রশ্নের মুখে ফেলতে পারে বলেও মন্তব্য করেছেন অনেকে।
তবে সমালোচনা সত্ত্বেও ফাল্গুনী পাঠকের নবরাত্রি উৎসব ঘিরে আগ্রহে যে ভাটা পড়েনি, তা টিকিট বিক্রির চাহিদাতেই স্পষ্ট। আগামী অক্টোবরের ৯ রাতের এই আয়োজন শেষ পর্যন্ত দর্শকদের কতটা মাতাতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।







