সুশান্তের ম্যানেজারের মৃত্যুর মামলায় জড়াল প্রেমিকা রিয়ার নাম

দিশা শালিয়ান, সুশান্ত সিং রাজপুত ও রিয়া চক্রবর্তী
প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা শালিয়ানের রহস্যজনক মৃত্যু মামলায় এলো বিরাট মোড়। ঘটনার দীর্ঘ ছয় বছর পর বোম্বে হাইকোর্টের নির্দেশে অবশেষে একটি আনুষ্ঠানিক এফআইআর করেছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন।
দ্য টেলিগ্রাফের তথ্য অনুযায়ী, এ মামলায় শিবসেনা নেতা আদিত্য ঠাকরে, অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং অভিনেতা ডিনো মোরিয়ার নাম উঠে এসেছে।
এর আগে গত ২ সেপ্টেম্বর বোম্বে হাইকোর্ট মুম্বাই পুলিশের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করে মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়। হাইকোর্ট কড়া ভাষায় সমালোচনা করে জানায়, দীর্ঘ ছয় বছর ধরে মুম্বাই পুলিশ কেন কোনো এফআইআর করেনি এবং কেন বিষয়টিকে স্রেফ ‘দুর্ঘটনাজনিত মৃত্যু’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে— তার সদুত্তোর নেই।
তদন্তে বেশ কিছু ‘গুরুতর অসংগতি’ চিহ্নিত করে আদালত সাফ জানায়, এভাবে অনির্দিষ্টকাল ধরে তদন্ত ঝুলিয়ে রাখা যায় না।
২০২০ সালের ৮ জুন রাতে মুম্বাইয়ের মালাড এলাকার একটি বহুতল ভবনের ১২ তলা থেকে পড়ে মারা যান ২৮ বছর বয়সী দিশা শালিয়ান। ঘটনার ঠিক এক সপ্তাহ পরেই, ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের মরদেহ।
বিনোদন জগতের দুই পরিচিত মুখের পর পর এই মর্মান্তিক পরিণতি পুরো ভারতে আলোড়ন সৃষ্টি করে এবং দুটির মধ্যে কোনো গোপন যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে তোলপাড় শুরু হয়।
সুশান্তের মৃত্যুর পর তীব্র জনদাবিতে সিবিআই তদন্ত শুরু হলেও, সিবিআই আদালতে জমা দেওয়া ক্লোজার রিপোর্টে জানিয়েছিল সুশান্ত আত্মহত্যাই করেছেন। তবে দিশা শালিয়ানের মামলাটি নতুন করে সচল হওয়ায় তদন্তের গতিপথ কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন সবার নজর।
তবে হাইকোর্ট সিবিআইকে নির্দেশ দিয়েছে— দিশার বাবা সতীশ শালিয়ানের জবানবন্দি নতুন করে রেকর্ড করতে হবে। সেই সঙ্গে আদালত স্পষ্ট করেছে, পর্যাপ্ত তথ্য-প্রমাণ ও উপযুক্ত কারণ না পাওয়া পর্যন্ত তদন্তকারী কর্মকর্তারা যেন কাউকে আনুষ্ঠানিকভাবে ‘অভিযুক্ত’ হিসেবে গণ্য না করেন।




