নভেম্বরে বিয়ে করছেন সানরাইজার্স হায়দরাবাদের মালিক কাব্য মারান

অনিরুদ্ধ রবিচন্দর ও কাব্য মারান। ছবি : সংগৃহীত
দক্ষিণ ভারতীয় সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর বিয়ে করতে যাচ্ছেন আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের মালিক কাব্য মারানকে।
আগামী নভেম্বরে তাদের বিয়ের খবর জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্থ রেড্ডি। তবে অনিরুদ্ধ বা কাব্য কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিয়ের খবর নিশ্চিত করেননি।
মুখ্যমন্ত্রীর দপ্তরের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত তথ্যানুযায়ী, আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কাব্যের বাবা সান গ্রুপের চেয়ারম্যান কালানিথি মারান ও মা কাবেরী মারান মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন।
পোস্টে বলা হয়েছে, কালানিথি মারান ও তার স্ত্রী কাবেরী মারান জুবিলি হিলসে মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে মেয়ের বিয়ের সংবর্ধনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। সংবর্ধনা অনুষ্ঠানটি ২১ নভেম্বর চেন্নাইয়ে হওয়ার কথা রয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অনিরুদ্ধ ও কাব্য আগামী ১১ নভেম্বর গ্রিসে বিয়ে করবেন।
অনিরুদ্ধ ও কাব্যের বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয় ২০২৫ সালে। ওই বছরের জুনে বিয়ের খবর অস্বীকার করে সংগীত পরিচালক সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘বিয়ে নাকি? হা হা! শান্ত হও বন্ধুরা। দয়া করে গুজব ছড়ানো বন্ধ করো।’
২০২৬ সালের জুনে অনিরুদ্ধের চাচা ও অভিনেতা ওয়াই জি মহেন্দ্রর এক মন্তব্যেও তাদের বিয়ের গুঞ্জন নতুন করে আলোচনায় আসে।
ফক্স নেটওয়ার্কের প্রতিষ্ঠান কেপিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি অনিরুদ্ধের বিয়ে নিয়ে আশা প্রকাশ করেন। তার ভাষ্য, অনিরুদ্ধের বিয়ে হচ্ছে বলে তাকে জানানো হয়েছে।
অনিরুদ্ধ রবিচন্দর দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রজগতের জনপ্রিয় সংগীত পরিচালক। লিও, ইন্ডিয়ান-২, ভেট্টাইয়ান, বিদামুয়রচি ও কুলির মতো চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।
অন্যদিকে, কাব্য মারান সান গ্রুপের চেয়ারম্যান কালানিথি মারানের মেয়ে। তিনি সান টিভি নেটওয়ার্কের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল সানরাইজার্স হায়দরাবাদের মালিক হিসেবেও পরিচিত মারান।
সূত্র : এনডিটিভি



