কিউএস সাসটেইনেবিলিটি র্যাঙ্কিংয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইউল্যাব দশম

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ
কিউএস সাসটেইনেবিলিটি র্যাঙ্কিং ২০২৭-এ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম স্থান অর্জন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। বৈশ্বিক র্যাঙ্কিংয়ে ১ হাজার ৫০১ বা তার পরের অবস্থানের তালিকায় রয়েছে বিশ্ববিদ্যালয়টি। এ ছাড়া দক্ষিণ এশিয়ায় ১৪৪তম এবং এশিয়ায় ৬৬০তম অবস্থান অর্জন করেছে ইউল্যাব।
বিশ্ববিদ্যালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২০২৬ সালে প্রথমবার কিউএস সাসটেইনেবিলিটি র্যাঙ্কিংয়ে অংশ নিয়ে বাংলাদেশে ১২তম অবস্থান অর্জন করেছিল ইউল্যাব। এক বছরের ব্যবধানে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম স্থানে উঠে এসেছে প্রতিষ্ঠানটি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, টেকসই উন্নয়ন, মানসম্মত শিক্ষা, গবেষণা, পরিবেশ সংরক্ষণ, সুশাসন ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করতে ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি এই অর্জন। শিক্ষা ও গবেষণার পাশাপাশি প্রাতিষ্ঠানিক কার্যক্রমেও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে ইউল্যাবের বিভিন্ন উদ্যোগ এ অবস্থান অর্জনে ভূমিকা রেখেছে।
এই অর্জনের পেছনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, গবেষক, সাবেক শিক্ষার্থী ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত প্রচেষ্টার কথা উল্লেখ করেছে ইউল্যাব। তাদের নিষ্ঠা ও সহযোগিতা বিশ্ববিদ্যালয়ের টেকসই উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক উচ্চশিক্ষা অঙ্গনে প্রতিষ্ঠানটির অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।




