দুই বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষা ক্যাডার থেকে অধ্যক্ষ ও শাখাপ্রধান নিয়োগ

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর আলোচিত মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন এনেছে সরকার।
শিক্ষার মান উন্নয়ন, অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করতে এবং আর্থিক শৃঙ্খলা ফেরাতে প্রতিষ্ঠান দুটিতে পদায়ণ দেওয়া হয়েছে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের।
আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে পদায়ন করা হয় তাদের। এর মধ্যে মতিঝিল আইডিয়ালের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থ বিজ্ঞানের অধ্যাপক লাল মোহাম্মদ।
অন্যদিকে মনিপুর স্কুলের পাঁচটি শাখার জন্য ৫ জন শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে ‘শাখা প্রধান’ হিসেবে স্ব-বেতনে প্রেষণে পদায়ন করা হয়েছে। আর আগের নিয়মেই বহাল রাখা হয়েছে মূল ক্যাম্পাসে থাকা প্রধান শিক্ষককে।
শাখা প্রধান হিসেবে পদায়ন পাওয়া কর্মকর্তারা হলেন মো. আব্দুল হালিম, মো. নজরুল ইসলাম, মোহাম্মদ আকতার হোসেন, শেখ শাহরীয়ার হাসান এবং মুহাম্মদ নূর-এ-আলম।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, নিজ নিজ শাখার অ্যাকাডেমিক, প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম কঠোরভাবে তদারকি করবেন এই কর্মকর্তারা।




