কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির ১০ বিভাগ

ছবিঃ আগামীর সময়
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস)-এর ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাঙ্কিং-২০২৬’ এ ইতিহাসে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগ। বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটিই সর্বোচ্চ সাফল্য।
শুক্রবার (২৭ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত বছর এই র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯টি বিভাগ স্থান পেয়েছিল। এবছর সেই সংখ্যা বেড়ে হয়েছে ১০টি। গত ২৫ মার্চ কিউএস তাদের বিষয়ভিত্তিক র্যাঙ্কিং প্রকাশ করে। প্রতি বছর মার্চ মাসেই এই তালিকা প্রকাশ করা হয়।
এবারও র্যাঙ্কিং দুটি ভাগে প্রকাশ করা হয়েছে। একটি ব্রড সাবজেক্ট বা প্রধান বিষয়ভিত্তিক ক্যাটাগরি এবং অন্যটি নির্দিষ্ট বিষয়ভিত্তিক ক্যাটাগরি।
ব্রড সাবজেক্ট ক্যাটাগরিতে পাঁচটি বিভাগ থাকে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় তিনটি ক্যাটাগরিতে স্থান পেয়েছে। অন্যদিকে নির্দিষ্ট বিষয়ভিত্তিক তালিকায় মোট ৫৫টি বিষয় রয়েছে, যার মধ্যে ঢাবির ১০টি বিভাগ জায়গা করে নিয়েছে।
কিউএসের তথ্য অনুযায়ী, সোশ্যাল সাইন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান বিশ্বে ৩৭১তম, যা দেশের মধ্যে প্রথম। এই ক্যাটাগরির অধীনে অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স বিভাগ ৩০১-৩৭৫ এর মধ্যে, ইকোনমিকস অ্যান্ড ইকোনোমেট্রিকস বিভাগ ৩০১-৩৫০ এর মধ্যে এবং বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ৪০১-৪৫০ এর মধ্যে রয়েছে।
ন্যাচারাল সাইন্স ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এখানে ঢাবির অবস্থান ৫০১-৫৫০ এর মধ্যে। এই ক্যাটাগরিতে রসায়ন বিভাগ ৫৫১-৬০০, পরিবেশ বিজ্ঞান ৪০১-৪৫০ এবং পদার্থবিদ্যা ও জ্যোতির্বিদ্যা ৫০১-৫৫০ এর মধ্যে অবস্থান করছে।
লাইফ সাইন্স অ্যান্ড মেডিসিন ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থান না পেলেও জীববিজ্ঞান বিভাগ ৬৫১-৭০০ এর মধ্যে রয়েছে।
ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৩৬৪তম। এই ক্যাটাগরির মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ৫৫১-৬০০, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ৫০১-৫৫০ এবং মেকানিক্যাল, অ্যারোনটিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং ৫০১-৫৭৫ এর মধ্যে রয়েছে।

