কিউএস হায়ার এডুকেশন সামিটে অংশ নিল এআইইউবি

কিউএস হায়ার এডুকেশন সামিটে দেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিক পরিচিতি ও সম্ভাবনা তুলে ধরেছে বিশ্ববিদ্যালয়টি। ছবি : সংগৃহীত
ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত কিউএস হায়ার এডুকেশন সামিট: এশিয়া প্যাসিফিক ২০২৬-এ অংশ নিয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।
বাংলাদেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিক পরিচিতি ও সম্ভাবনা তুলে ধরতে সম্মেলনে অংশ নেয় বিশ্ববিদ্যালয়টি। আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা বাড়ানো এবং বৈশ্বিক অংশীদারত্ব সম্প্রসারণের লক্ষ্য তাদের।
গত ৩ থেকে ৫ নভেম্বর বালি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘অ্যাডভান্সিং এডুকেশন ফর পারপাস অ্যান্ড ইমপ্যাক্ট’।
সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের উচ্চশিক্ষা খাতের নেতৃস্থানীয় ব্যক্তি, নীতিনির্ধারক ও শিক্ষাবিদেরা অংশ নেন। উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, উদ্ভাবন, গবেষণা এবং কার্যকর বৈশ্বিক অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে সেখানে আলোচনা হয়।
এআইইউবির প্রতিনিধিদলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য এবং বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন। তিনি অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) সেক্রেটারি জেনারেলও।
এ ছাড়া প্রতিনিধিদলে ছিলেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. কারমেন জেড. লামাগনা এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম।
অফিস অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের ডেপুটি ডিরেক্টর ও সিনিয়র সহকারী অধ্যাপক কারলিন নোয়েল জিটা লামাগনা, র্যাঙ্কিং ও গ্লোবাল এনগেজমেন্টের পরিচালক এবং সিনিয়র সহযোগী অধ্যাপক মশিউর রহমান ও জনসংযোগ বিভাগের প্রধান মো. আবু মিয়া আকন্দও প্রতিনিধিদলে ছিলেন।
সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নের অংশ হিসেবে প্রতিনিধিত্ব করে এআইইউবি। এর মাধ্যমে বাংলাদেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিক পরিচিতি ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ইশতিয়াক আবেদীন ও ড. কারমেন জেড. লামাগনা উচ্চশিক্ষার পরিবর্তনশীল প্রেক্ষাপট এবং উদ্দেশ্যভিত্তিক আন্তর্জাতিক সম্পৃক্ততা নিয়ে আলোচনায় অংশ নেন।
অন্যদিকে, অধ্যাপক ড. সাইফুল ইসলাম একাডেমিক অধিবেশনে অংশ নেন। সেখানে উচ্চশিক্ষার উদীয়মান প্রবণতা ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশের প্রতিনিধিদলের উপস্থিতিতে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন কিউএসের ভাইস প্রেসিডেন্ট ড. অশ্বিন ফার্নান্দেস।
সম্মেলনের গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলোর মধ্যে ছিল কিউএস কর্মকর্তাদের সঙ্গে এআইইউবি প্রতিনিধিদলের বৈঠক।
বৈঠকে বাংলাদেশে এআইইউবির আয়োজনে একটি কিউএস ইভেন্ট আয়োজনের সম্ভাবনা ও এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
পাশাপাশি প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন সংশ্লিষ্টরা।
সম্মেলনজুড়ে এআইইউবি প্রতিনিধিদল এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করে।
এসব আলোচনায় একাডেমিক অংশীদারত্ব, যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং সম্ভাব্য সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়গুলো গুরুত্ব পায়।
এআইইউবির এই অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং বৈশ্বিক পরিচিতি বাড়ানোর ধারাবাহিক প্রচেষ্টার অংশ।বিশ্ববিদ্যালয়টি মনে করছে, এ ধরনের উদ্যোগ অর্থবহ একাডেমিক অংশীদারত্ব গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ ও বৈশ্বিক সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



