কিউএস র্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাবি

গ্রাফিকস: আগামীর সময়
যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস প্রকাশিত ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ২০২৭: টপ গ্লোবাল ইউনিভার্সিটিস’ তালিকায় টানা তৃতীয়বারের মতো বিশ্বের সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এবারও শীর্ষস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। গত দুই বছরের র্যাঙ্কিংয়েও দেশসেরা বিশ্ববিদ্যালয় হিসেবে অবস্থান করেছিল ঢাবি।
এবারের র্যাঙ্কিং বিশ্বের ১ হাজার ৫০৪টি বিশ্ববিদ্যালয়ের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে প্রস্তুত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক মান নির্ধারণে মোট ৯টি সূচক ব্যবহার করা হয়। যেখানে প্রতিটি সূচকের সর্বোচ্চ স্কোর ১০০ এবং এসব সূচকের গড়ের ভিত্তিতে চূড়ান্ত অবস্থান নির্ধারিত হয়।
প্রকাশিত ফলাফলে ঢাবির সামগ্রিক স্কোর ২৮.৩। একাডেমিক সুনাম সূচকেও প্রতিষ্ঠানটি ২৮.৩ স্কোর অর্জন করেছে, যা দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় এর দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি বহন করে।
কর্মসংস্থান ফলাফল সূচকে বিশ্ববিদ্যালয়টি ৯৫ স্কোর অর্জন করেছে। যা স্নাতকদের কর্মক্ষেত্রে উচ্চ গ্রহণযোগ্যতা ও সফলতার প্রতিফলন। একই সঙ্গে নিয়োগদাতাদের দৃষ্টিতে সুনাম সূচকে ৫০.৮ স্কোর অর্জন, চাকরিদাতাদের কাছে ঢাবির শিক্ষার্থীদের ইতিবাচক ভাবমূর্তিরই ইঙ্গিত দেয়।
গবেষণা ও আন্তর্জাতিক সম্পৃক্ততার ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়টি উল্লেখযোগ্য অবস্থান ধরে রেখেছে। আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক সূচকে স্কোর ৬১.১। যা বৈশ্বিক গবেষণা সহযোগিতা বৃদ্ধির প্রতিফলন। টেকসই উন্নয়ন সূচকে ৬০.৬ স্কোর অর্জন করে পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিষ্ঠানের অঙ্গীকার তুলে ধরা হয়েছে।
অন্যদিকে, সাইটেশনস পার ফ্যাকাল্টি এবং শিক্ষক-শিক্ষার্থী অনুপাত সূচকে বিশ্ববিদ্যালয়টির স্কোর যথাক্রমে ৮ ও ৮। আন্তর্জাতিক শিক্ষক অনুপাত সূচকে ২ এবং আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাত সূচকে ১.৪ স্কোর অর্জিত হয়েছে। যা ভবিষ্যতে আন্তর্জাতিকীকরণ ও গবেষণা সক্ষমতা আরও জোরদারের প্রয়োজনীয়তা নির্দেশ করে।




