গৌরবের ১৮৬ বছর, সংকটের বৃত্তে ঢাকা কলেজ

১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে ঢাকা কলেজ। ছবি : সংগৃহীত
ঢাকা কলেজের ১৮৬ বছরের গৌরবোজ্জ্বল পথচলা। উপমহাদেশের শিক্ষা, রাজনীতি, সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই বিদ্যাপীঠ জন্ম দিয়েছে বহু কৃতী ব্যক্তিত্বের। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানেও রয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের গৌরবময় ভূমিকা।
অথচ ঐতিহ্যের এই ক্যাম্পাসে এখন সংকটের শেষ নেই। প্রায় ১৬ হাজার শিক্ষার্থীর জন্য শ্রেণিকক্ষ, আবাসন ও পরিবহন সুবিধা অপ্রতুল। গবেষণাগারের সীমাবদ্ধতার পাশাপাশি শিক্ষার্থীদের সংঘাতও ব্যাহত করছে শিক্ষার পরিবেশ। গৌরবোজ্জ্বল অতীতের বিপরীতে বর্তমানের এসব সংকট ঢাকা কলেজের ঐতিহ্য ও সুনামকে প্রশ্নের মুখে ফেলেছে।
উনিশ শতকের শুরুতে উপমহাদেশে পাশ্চাত্য শিক্ষার প্রসারে ব্রিটিশ শাসনামলে নেওয়া হয় নানা উদ্যোগ। গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের শাসনামলে লর্ড টমাস ব্যাবিংটন মেকলের সুপারিশে ১৮৩৫ সালে ইংরেজি শিক্ষানীতি প্রবর্তিত হয়। এর ধারাবাহিকতায় ১৮৩৫ সালের ১৫ জুলাই ঢাকায় প্রতিষ্ঠিত হয় ‘ঢাকা ইংলিশ সেমিনারী’। পরবর্তী সময়ে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ১৮৪১ সালের ২০ নভেম্বর এই প্রতিষ্ঠানের তিনটি কক্ষ নিয়ে যাত্রা শুরু করে ‘ঢাকা সেন্ট্রাল কলেজ’, যা বর্তমানে ঐতিহ্যবাহী ঢাকা কলেজ।
প্রতিষ্ঠার পর বিভিন্ন সময়ে স্থান পরিবর্তন করতে হয়েছে কলেজটিকে। পুরান ঢাকার সদরঘাট ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় প্রাথমিক অবস্থানের পর ১৯০৮ সালে স্থানান্তরিত হয় কার্জন হলে। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে কলেজটি চলে যায় পুরাতন হাইকোর্ট ভবনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৩ সালে ভবনটি সামরিক বাহিনী অধিগ্রহণ করলে প্রথমে লক্ষ্মীবাজার এবং পরে ফুলবাড়িয়ার সিদ্দিক বাজারে স্থানান্তরিত হয় কলেজটি। অবশেষে ১৯৫৫ সালে নিউমার্কেট সংলগ্ন মিরপুর রোডে বর্তমান ক্যাম্পাসে স্থায়ী ঠিকানা পায় প্রতিষ্ঠানটি।
দীর্ঘ এই পথচলায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা দেশ ও আন্তর্জাতিক পরিসরে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও জিল্লুর রহমান, মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি মাউমুন আবদুল গাইয়ুম, বিজ্ঞানী মেঘনাদ সাহা, কবি শামসুর রাহমান এবং কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের মতো ব্যক্তিত্বের নাম জড়িয়ে আছে এই প্রতিষ্ঠানের সঙ্গে।
সংঘাতের ছায়ায় ক্যাম্পাসের পরিবেশ
একসময় সাহিত্য, সংস্কৃতি ও মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র হিসেবে পরিচিত ছিল ঢাকা কলেজ। অথচ সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসের নাম সংবাদমাধ্যমে উঠে আসছে সংঘর্ষ ও সহিংসতার ঘটনায়। পার্শ্ববর্তী সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, সায়েন্সল্যাব এলাকায় অবরোধ এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা শিক্ষার পরিবেশকে ব্যাহত করছে।
বারবার সংঘাতে জড়ানোর ঘটনায় প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের সুনামও ক্ষুণ্ন হচ্ছে। ক্যাম্পাসে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কলেজ প্রশাসনকে সম্প্রতি অর্ধশতাধিক শিক্ষার্থীর ভর্তি বাতিল ও ছাড়পত্র দেওয়ার মতো কঠোর পদক্ষেপ নিতে হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে সহাবস্থান ও শৃঙ্খলা নিশ্চিত করা এখন প্রশাসনের অন্যতম বড় চ্যালেঞ্জ।
শ্রেণিকক্ষ ও আবাসন সংকটে শিক্ষার্থীরা
ঢাকা কলেজে উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে বর্তমানে শিক্ষার্থী প্রায় ১৬ হাজার। উচ্চমাধ্যমিকের একাদশ শ্রেণিতে আসন রয়েছে ১ হাজার ৭০০টি। অথচ এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর জন্য ৯টি গ্যালারিসহ শ্রেণিকক্ষ রয়েছে মাত্র ৬৪টি। এর মধ্যে মূল ভবনে ৩০টি, জুলাই-৩৬ ভবনে ২৩টি, উদ্ভিদবিজ্ঞান ভবনে ৮টি এবং আইসিটি ভবনে ৩টি শ্রেণিকক্ষ রয়েছে। আইসিটি ভবনের তিনটি কক্ষও ইসলামিক স্টাডিজ ও পরিসংখ্যান বিভাগের জন্য বরাদ্দ। ফলে শ্রেণিকক্ষের অভাবে অনেক বিভাগকে সেমিনার কক্ষে পাঠদান করতে হচ্ছে। কখনো বিভাগের চেয়ারম্যানের কক্ষে, এমনকি বারান্দাতেও ক্লাস নিতে হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
উচ্চমাধ্যমিক বাইরে কলেজটির স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পাঠদান চলছে ১৯টি বিভাগে। অবশ্য স্নাতক ও স্নাতকোত্তর বর্তমানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত হিসেবে পরিচালিত হচ্ছে।
শিক্ষকদের মতে, একটি বিভাগের পাঁচটি বর্ষের শিক্ষার্থীদের পাঠদানের জন্য অন্তত পাঁচটি শ্রেণিকক্ষ প্রয়োজন। অথচ অনেক বিভাগের দুটি কক্ষও নেই। শিক্ষার্থীর অনুপাতে শ্রেণিকক্ষের সংখ্যা বর্তমানের দ্বিগুণ হওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা।
শ্রেণিকক্ষের পাশাপাশি আবাসন সংকটও শিক্ষার্থীদের ভোগান্তি বাড়াচ্ছে। প্রায় ১৬ হাজার শিক্ষার্থীর বিপরীতে আটটি ছাত্রাবাসে আসন রয়েছে মাত্র ১ হাজার ৩৬৪টি। এর মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য ৯২২টি এবং উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ৪৪২টি আসন বরাদ্দ।
আসনস্বল্পতার কারণে অধিকাংশ শিক্ষার্থীকে থাকতে হয় মেস কিংবা ভাড়া বাসায়। এতে পড়াশোনার খরচের পাশাপাশি বাড়তি আবাসন ব্যয় বহন করতে হচ্ছে তাদের। ছাত্রাবাসে আসন না পাওয়া এক শিক্ষার্থী জানান, মেসের খরচ সামলাতে অনেক শিক্ষার্থীকে পড়াশোনার পাশাপাশি চাকরি করতে হয়। এতে পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেয়ে জীবনযাত্রার ব্যয় মেটানোই তাঁদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
পাঁচ বাসে ১৬ হাজার শিক্ষার্থীর যাতায়াত
শিক্ষার্থীদের যাতায়াতের জন্য কলেজের নিজস্ব বাস রয়েছে মাত্র পাঁচটি। চলতি বছরের সেপ্টেম্বরে যাত্রাবাড়ী রুটে নতুন একটি বাস যুক্ত হওয়ার পরও পরিবহন সংকট কাটেনি। বাসগুলো শহরের প্রধান সাতটি রুটে চলাচল করে। বিপুলসংখ্যক শিক্ষার্থীর বিপরীতে বাসের সংখ্যা কম হওয়ায় প্রতিদিন যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।
পর্যাপ্ত বাস না থাকায় অনেক শিক্ষার্থীকে গাদাগাদি করে যাতায়াত করতে হয়। এমনকি কেউ কেউ বাসের দরজায় ঝুলে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করেন। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বাসের সংখ্যা বাড়ানো জরুরি।
গবেষণা ও ব্যবহারিক শিক্ষায় সীমাবদ্ধতা
উচ্চশিক্ষার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ গবেষণা ও ব্যবহারিক শিক্ষা। তবে ঢাকা কলেজের বিভিন্ন বিভাগে প্রয়োজনীয় গবেষণাগার, আধুনিক যন্ত্রপাতি ও ব্যবহারিক শিক্ষার সুযোগ সীমিত। বিশেষ করে বিজ্ঞান ও ব্যবহারিকনির্ভর বিভাগগুলোতে পর্যাপ্ত ল্যাব সুবিধা না থাকায় হাতে-কলমে শেখার সুযোগ ব্যাহত হচ্ছে।
শিক্ষার্থীদের অভিযোগ, ব্যবহারিক ক্লাসের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণের স্বল্পতা রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে ল্যাবের পরিবর্তে তাত্ত্বিক আলোচনার মধ্যেই ব্যবহারিক পাঠ শেষ করতে হচ্ছে। এতে পরীক্ষায় ভালো ফল করলেও বাস্তব জ্ঞান ও দক্ষতা অর্জনে ঘাটতি থেকে যাচ্ছে।
ঐতিহ্য রক্ষায় প্রয়োজন কার্যকর উদ্যোগ
১৮৬ বছরের পথচলায় ঢাকা কলেজ শুধু শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নয়, দেশের ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছে। তবে অতীতের গৌরব ধরে রাখতে বর্তমানের সংকটগুলোর সমাধান জরুরি। শ্রেণিকক্ষ ও আবাসন সংকট নিরসন, পরিবহন সুবিধা বৃদ্ধি, আধুনিক গবেষণাগার প্রতিষ্ঠা এবং ক্যাম্পাসে শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ।
প্রতিষ্ঠাবার্ষিকী শুধু অতীতের অর্জন স্মরণের উপলক্ষ নয়, ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণেরও সময়। যে প্রতিষ্ঠান একসময় উপমহাদেশের শিক্ষা ও জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সেই প্রতিষ্ঠানকে আধুনিক ও শিক্ষার্থীবান্ধব বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে প্রয়োজন কার্যকর পদক্ষেপ। ঐতিহ্যের মর্যাদা রক্ষার পাশাপাশি শিক্ষার মান ও পরিবেশ উন্নয়নই হোক ঢাকা কলেজের আগামী দিনের অঙ্গীকার।



