সর্বজনীন পেনশন স্কিমে মুনাফা বণ্টন, সর্বোচ্চ ১১.৭২ শতাংশ

সংগৃহীত ছবি
সর্বজনীন পেনশন স্কিমের গ্রাহকদের ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের ওপর অর্জিত মুনাফা বণ্টন করা হয়েছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় মুনাফা বণ্টনের প্রস্তাব অনুমোদন করা হয়।
সভায় জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় বিনিয়োগ করা অর্থের বিপরীতে মোট ২৮ কোটি ৯৬ লাখ ৫৫ হাজার ৪৮ টাকা ৮০ পয়সা মুনাফা অর্জিত হয়েছে।
আইন ও বিধিমালা অনুযায়ী, গ্রাহকদের জমার পরিমাণ ও জমার সময়কাল বিবেচনায় নিয়ে অর্জিত মুনাফা তাদের নিজ নিজ পেনশন হিসাবে (করপাস হিসাবে) জমা দেওয়ার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। আলোচ্য অর্থবছরে বিনিয়োগের বিপরীতে মুনাফার হার দাঁড়িয়েছে সর্বনিম্ন ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে সর্বোচ্চ ১১ দশমিক ৭২ শতাংশ।
জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান জানান, সর্বজনীন পেনশন ব্যবস্থার ওপর জনগণের আস্থা সুদৃঢ় করা এবং গ্রাহকদের জমাকৃত অর্থের সর্বোচ্চ নিরাপত্তা ও যৌক্তিক মুনাফা নিশ্চিত করতে কর্তৃপক্ষ নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। মুনাফা বণ্টনের ফলে সর্বজনীন পেনশন স্কিমের গ্রাহকেরা সরাসরি উপকৃত হবেন এবং এ কার্যক্রম আরও গতিশীল হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট সব গ্রাহকের পেনশন হিসাবে অর্জিত মুনাফা যোগ করা হয়েছে।



