হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনে সহায়তা দেবে এডিবি

ফাইল ছবি
এক হাজার মেগাওয়াট সৌরশক্তি ও ব্যাটারি স্টোরেজ উন্নয়নে অংশীদারত্ব সম্প্রসারণ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটি গতকাল মঙ্গলবার জানিয়েছে, বাংলাদেশে আরও পাঁচটি সৌর ও ব্যাটারি শক্তি সঞ্চয় প্রকল্পের জন্য লেনদেন-সংক্রান্ত পরামর্শমূলক সেবা দেবে। এর মাধ্যমে একটি কর্মসূচি সম্প্রসারিত হবে, যার সম্মিলিত ক্ষমতা এক হাজার মেগাওয়াটেরও বেশি হবে। প্রস্তাবিত এ সম্প্রসারণটি ১৩০ মেগাওয়াট সোনাগাজী সৌরবিদ্যুৎ প্রকল্পে এডিবির পরামর্শমূলক সহায়তার ওপর ভিত্তি করে একটি তিনপর্যায়ে কর্মসূচিতে পরিণত হয়েছে। এটি মোট ছয়টি প্রকল্পকে অন্তর্ভুক্ত করবে। এ প্রকল্পগুলো নবায়নযোগ্য শক্তির নির্ভরযোগ্য ও নিয়ন্ত্রিত ব্যবহার নিশ্চিত করবে, আমদানি করা জ্বালানির ওপর নির্ভরতা কমাবে এবং দেশের জ্বালানি নিরাপত্তা উন্নত করবে। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সংস্থাটি।
এতে বলা হয়, ‘বাংলাদেশের একটি আরও নিরাপদ, টেকসই এবং বিনিয়োগ-উপযোগী জ্বালানি ভবিষ্যৎ গড়ার সুযোগ রয়েছে’, বলে মনে করেন বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং।



