কারণ ছাড়াই বাড়ছে মিথুন নিটিংয়ের শেয়ারদর

সংগৃহীত ছবি
দেশের শেয়ারবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের শেয়ারের দাম সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক উত্থান লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) ছাড়াই কোম্পানিটির শেয়ারদর টানা বাড়তে থাকায় বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। এতে তৈরি হয়েছে বড় ধরনের ঝুঁকির আশঙ্কা। তবে এই দরবৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
শেয়ারের দাম ও লেনদেনের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ১৭ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটির কাছে ব্যাখ্যা চেয়ে একটি চিঠি পাঠায়। এর জবাবে কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বর্তমানে তাদের কাছে এমন কোনো অপ্রকাশিত তথ্য নেই, যা শেয়ারের দাম বা লেনদেনকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ কোম্পানিটির ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক অবস্থানে এমন কোনো নাটকীয় পরিবর্তন ঘটেনি, যা এই দরবৃদ্ধিকে যৌক্তিক করতে পারে।
মিথুন নিটিং কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কোম্পানির কারখানা দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ব্যবসায়িক ও পরিচালন কার্যক্রমও স্থবির। এর আগে সম্ভাব্য নতুন বিনিয়োগকারীদের কাছে স্পনসর-পরিচালকদের শেয়ার হস্তান্তরের উদ্যোগ নেওয়া হলেও ব্যাংক দায়সহ বিভিন্ন সমস্যা নিষ্পত্তি না হওয়ায় তা সম্পন্ন হয়নি। পরবর্তীতে এ-সংক্রান্ত আবেদন স্থগিত রাখার জন্য বিএসইসিতে আবেদন করা হয়। বর্তমানে শেয়ার হস্তান্তরের কোনো চলমান বা অনুমোদিত পরিকল্পনাও নেই। কোম্পানির দাবি, সাম্প্রতিক শেয়ারদরের অস্বাভাবিক উত্থান ব্যাখ্যা করার মতো কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, করপোরেট কার্যক্রম বা অপ্রকাশিত তথ্য তাদের কাছে নেই।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য বলছে, কোম্পানিটির শেয়ারের দাম গত এক মাসে দ্রুত ঊর্ধ্বমুখী হয়েছে। গত ১৭ মে কোম্পানিতে শেয়ার দাম ছিল ১৩৯ দশমিক ২০ টাকায়। আর গত ৯ জুন কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ২১৪ দশমিক ৪০ টাকায়। ফলে গত ১৪ কার্যদিবসে কোম্পানি শেয়ারের দাম বেড়েছে ৭৫ দশমিক ২০ টাকা বা ৫৪ দশমিক ২০ শতাংশের বেশি
মূল্যবৃদ্ধির পাশাপাশি লেনদেনের পরিমাণও অস্বাভাবিক হারে বেড়েছে। কোনো কোনো সেশনে দৈনিক লেনদেন অন্যান্য স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি। সাধারণত ছোট মূলধনি কোম্পানিগুলোর ক্ষেত্রে এমন লেনদেনের তীব্রতা প্রায়ই কৃত্রিম চাহিদাকে ইঙ্গিত করে।
মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ১৯৯৪ সালে। ‘জেড’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩২ কোটি ৪৯ লাখ ১০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির শেয়ার সংখ্যা ৩ কোটি ২৪ লাখ ৯১ হাজার ১৬২টি। সর্বশেষ ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত সময়ে কোম্পানিটির উদ্যোক্তা পরিচারকদের হাতে ১৬ দশমিক ৭৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১০ দশমিক ০৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ১ দশমিক ৩০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৭১ দশমিক ৮৮ শতাংশ শেয়ার রয়েছে।






