বিনিয়োগ সীমা লঙ্ঘন, রেস অ্যাসেটকে ৫৫ লাখ টাকা জরিমানা

সংগৃহীত ছবি
তালিকাভুক্ত বন্ড ও সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ সংক্রান্ত নির্দেশনা লঙ্ঘন করায় সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেস অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একাধিক সিকিউরিটিজ আইন ও নির্দেশনা লঙ্ঘনের দায়ে কোম্পানিটিকে মোট ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সম্প্রতি বিএসইসির ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে এ তথ্য জানা গেছে।
রেস অ্যাসেট ম্যানেজমেন্টের ফান্ডগুলো হলো- এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ মিউচুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং রেস ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইউনিট ফান্ড।
বিএসইসির আদেশে উল্লেখ করা হয়েছে, ফান্ডের অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সিকিউরিটিজ আইন ও বিধি-বিধান লঙ্ঘনের দায়ে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেস অ্যাসেট ম্যানেজমেন্টের পরিচালিত ১১টি ফান্ডের বিপরীতে ৫ লাখ টাকা করে মোট ৫৫ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়েছে। একইসঙ্গে এ আদেশ জারির ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ বিএসইসির অনুকূলে পরিশোধ করতে হবে। অন্যথায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সূত্রে জানা গেছে, বিদ্যমান নিয়মে প্রতিটি মিউচুয়াল ফান্ডকে পোর্টফোলিওর অন্তত ৩ শতাংশ তালিকাভুক্ত ঋণপত্রে এবং ১ শতাংশ সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ বাধ্যতামূলক। কিন্তু দীর্ঘ সময় পার হলেও রেস এ নির্দেশনা কার্যকর করেনি।
এদিকে ২০২১ সালের ২৩ মে জারি নির্দেশনা অনুযায়ী, ২০২২ সালের জুনের মধ্যে এ বিনিয়োগ নিশ্চিত করার কথা ছিল, যা পরে বাড়িয়ে ২০২৩ সালের জুন পর্যন্ত করা হয়। কিন্তু ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত দেখা গেছে, অধিকাংশ ফান্ডেই ৩ শতাংশ বিনিয়োগের শর্ত পূরণ হয়নি।
এছাড়া ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারির নির্দেশনায় বাজারের সব মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে নিজস্ব পোর্টফোলিওর অন্তত ১ শতাংশ ট্রেজারি বন্ডে বিনিয়োগের বাধ্যবাধকতা দেওয়া হলেও রেস অ্যাসেট ম্যানেজমেন্ট পরিচালিত কোনো ফান্ডেই তা বাস্তবায়ন হয়নি।
ছয়টি মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ২০২৪-২৫ অর্থবছরে একাধিকবার ট্রাস্টি কমিটির সভায় ৩ শতাংশ বিনিয়োগের নির্দেশনা মেনে চলার কথা বললেও রেস অ্যাসেট ম্যানেজমেন্ট তা পরিপালন করেনি। একইভাবে চারটি ফান্ডের ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি) বিষয়টি বারবার অনিয়ম হিসেবে উল্লেখ করলেও কোম্পানিটি তা মেনে চলেনি।
বাজার সংশ্লিষ্টরা মনে করেন, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ নির্দেশনা উপেক্ষা করায় নিয়ন্ত্রক সংস্থার এই পদক্ষেপ কঠোর বার্তা দেবে। এতে ভবিষ্যতে অন্যান্য সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সিকিউরিটিজ আইন ও বিধি-বিধান পরিপালন করার প্রবণতা বৃদ্ধি পাবে।














