শেয়ারবাজারে সূচক বাড়লেও লেনদেনে খরা

সোমবার (৬ এপ্রিল) দেশের শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। একইচিত্র দেখা গেল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। সূচক সামান্য ঊর্ধ্বমুখী থাকলেও হ্রাস পেয়েছে লেনদেন।
তবে বাজারচিত্রে ভিন্নতা দেখা গেছে দুই স্টক এক্সচেঞ্জে। ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমলেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে সিএসইতে। সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে এসব তথ্য।
আজ প্রধান শেয়ারবাজার ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১২২ পয়েন্টে। অন্যদিকে, ডিএসই শরিয়াহ সূচক ০.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৫৪ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৮৯ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৯টির, দর কমেছে ১৭২ টির ও দর অপরিবর্তিত রয়েছে ৬৮টির।
ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭০ কোটি ৭৯ লাখ টাকার যা আগের কার্যদিবস থেকে ৪১ কোটি ২০ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫১১ কোটি ৯৯ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৮১ পয়েন্টে।
সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৭৩টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ৮৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৪টির। সিএসইতে ৩১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। জানা গেছে, কোম্পানিটির ১৫ কোটি ৮১ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা একমি পেস্টিসাইডের শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৬১ লাখ ৪২ হাজার টাকার। ১৫ কোটি ০১ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে— খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, টেকনো ড্রাগস লিমিটেড, জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও রানার অটোমোবাইলস পিএলসি।
এদিকে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ অটোকারস লিমিটেড। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮২৩ বারে ২ লাখ ২৩ হাজার ৯৩১টি শেয়ার লেনদেন করেছে যার বাজার মূল্য ৩ কোটি ৯৬ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৩৪ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৪০৭ বারে ৩৩ লাখ ৫৩ হাজার ৩৭৬টি শেয়ার লেনদেন করেছে যার বাজার মূল্য ১৫ কোটি ৮১ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৯০ শতাংশ। ফান্ডটি ৬৫ বারে ৪ লাখ ৮৪ হাজার ৫৩৩ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এপেক্স স্পিনিং ও নিটিংয়ের ৬.০১ শতাংশ, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলোর ৫.২৬ শতাংশ, একমি পেস্টিসাইডসের ৪.৯৫ শতাংশ, জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ৪.৮২ শতাংশ, প্রাইম ব্যাংকের ৪.৪২ শতাংশ, টেকনো ড্রাগসের ৪.১৫ শতাংশ ও এশিয়াটিক ল্যাবরেটরিজের ৩.৯৬ শতাংশ দর বেড়েছে।















