ইপিএস বেড়েছে ৪ ব্যাংকের, ৬টি লোকসানে

গ্রাফিকস: আগামীর সময়
চলতি ২০২৬ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১টি ব্যাংকের মধ্যে ছয়টির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ঋণাত্মক হয়েছে। তবে ইতিবাচক ইপিএস থাকা পাঁচটি ব্যাংকের মধ্যে চারটির মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। অন্যদিকে একটি ব্যাংক লোকসান থেকে মুনাফায় ফিরেছে।
আজ রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত ব্যাংকগুলোর আর্থিক তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইপিএস হয়েছে সিটি ব্যাংকের। চলতি বছরের প্রথম নয় মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪ টাকা ৯৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ টাকা ১৩ পয়সা। অর্থাৎ ব্যাংকটির ইপিএস বেড়েছে ২০ শতাংশের বেশি।
এ ছাড়া সাউথইস্ট ব্যাংকের ইপিএস আগের বছরের ১ টাকা ৩৭ পয়সা থেকে বেড়ে ১ টাকা ৯১ পয়সা হয়েছে। আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ইপিএস ৩৪ পয়সা থেকে বেড়ে ৮৯ পয়সা হয়েছে। এসবিএসি ব্যাংকের ইপিএস ১৫ পয়সা থেকে বেড়ে ২০ পয়সা হয়েছে।
অন্যদিকে এনআরবি ব্যাংক আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি ২ টাকা ১ পয়সা লোকসানে ছিল। তবে চলতি বছরের প্রথম নয় মাসে ব্যাংকটি ১৫ পয়সা ইপিএস করেছে। অর্থাৎ লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে ব্যাংকটি।
তবে ছয়টি ব্যাংকের ইপিএস ঋণাত্মক রয়েছে। এর মধ্যে এবি ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩১ টাকা ৪৬ পয়সা। আগের বছরের একই সময়ে ব্যাংকটির লোকসান ছিল ৩৪ টাকা ৬১ পয়সা। ফলে লোকসান কিছুটা কমেছে।
ইসলামী ব্যাংকের ইপিএস আগের বছরের ৬২ পয়সা থেকে কমে ঋণাত্মক ২০ টাকা ৪১ পয়সা হয়েছে। আইএফআইসি ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান ৯ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে ১৩ টাকা ৪ পয়সা হয়েছে। ন্যাশনাল ব্যাংকের লোকসানও ৪ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ৯ টাকা ৩৭ পয়সা হয়েছে।
অন্যদিকে প্রিমিয়ার ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান আগের বছরের ৫ টাকা ৪৯ পয়সা থেকে কমে ৪ টাকা ৫২ পয়সা হয়েছে। স্ট্যান্ডার্ড ব্যাংক আগের বছরের একই সময়ে ৫২ পয়সা ইপিএস করলেও চলতি বছরের প্রথম নয় মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪০ পয়সা।



