৪০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে আইপিডিসি ফাইন্যান্স

শেয়ারবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ৪০০ কোটি টাকার দুটি বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ২০০ কোটি টাকার অসুরক্ষিত সাবঅর্ডিনেটেড বন্ড এবং ২০০ কোটি টাকার গ্রিন জিরো-কুপন বন্ড রয়েছে। প্রতিষ্ঠানের চলমান অর্থায়নের চাহিদা পূরণ এবং ভবিষ্যতে মূলধন পর্যাপ্ততা নিশ্চিত করতে বেসরকারি প্লেসমেন্টের মাধ্যমে এসব বন্ড ইস্যু করা হবে।
আজ রবিবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় বন্ড দুটি ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ২০০ কোটি টাকার নন-কনভার্টিবল সাবঅর্ডিনেটেড বন্ড টিয়ার-২ মূলধন হিসেবে গণ্য হবে। এ বন্ডের মেয়াদ হবে ছয় বছর।
অন্যদিকে, ২০০ কোটি টাকার গ্রিন জিরো-কুপন বন্ডের মেয়াদ নির্ধারণ করা হয়েছে পাঁচ বছর। দুটি বন্ডের অভিহিত মূল্য মিলিয়ে মোট ইস্যুর পরিমাণ দাঁড়াবে ৪০০ কোটি টাকা।
তবে বন্ড দুটি ইস্যুর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং সংশ্লিষ্ট অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে। নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর কার্যক্রম সম্পন্ন করবে প্রতিষ্ঠানটি।
এদিকে কোম্পানিটি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ১৬তম বিশেষ সাধারণ সভা (ইজিএম) আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্ত বাস্তবায়নে শেয়ারহোল্ডারদের অনুমোদন এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার সম্মতি নিতে হবে।
ইজিএমে যেসব বিষয়ে অনুমোদন নেওয়া হবে, সেগুলো হলো- ১. আইপিডিসি ফাইন্যান্স পিএলসির সংঘস্মারকে (মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন) নতুন উদ্দেশ্যসংক্রান্ত ধারা সংযোজন। ২. কোম্পানির সংঘবিধিতে (আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন) নতুন ধারা সংযোজন। ৩. কোম্পানির সংঘবিধিতে বিদ্যমান কোরামসংক্রান্ত বিধান সংশোধন।
কোম্পানিটির ১৬তম বিশেষ সাধারণ সভা আগামী ১৫ ডিসেম্বর ২০২৬ সকাল ৯টায় ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে। এ সভায় অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর ২০২৬।



