সূচকের মিশ্র প্রবণতায় কমেছে লেনদেন

গ্রাফিকস: আগামীর সময়
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক বাড়লেও কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দিনশেষে ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫০০ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ‘ডিএসই-৩০’ সূচক ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৮ পয়েন্টে দাঁড়ালেও শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ০.৫৩ পয়েন্ট কমে ১ হাজার ৭৪ পয়েন্টে নেমে এসেছে।
ডিএসইতে এদিন মোট ৩৬৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির। বাজারে এদিন মোট ৮১৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় ১১৯ কোটি ১৭ লাখ টাকা কম। এর আগের দিন ডিএসইতে ৯৩৯ কোটি ৭ লাখ টাকার লেনদেন হয়েছিল।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ‘সিএএসপিআই’ ১৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৭০টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৬টির দর বেড়েছে, ৫৯টির কমেছে এবং ২৫টির দর অপরিবর্তিত রয়েছে। দিনশেষে সিএসইতে মোট ৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং লিমিটেড। কোম্পানিটির ৩৮ কোটি ১৪ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংকের ২৪ কোটি ৬০ লাখ ৯১ হাজার টাকা এবং তৃতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের ২৩ কোটি ২৬ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এ ছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো— ব্র্যাক ব্যাংক পিএলসি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস, শাইনপুকুর সিরামিকস পিএলসি, সিটি ব্যাংক এবং বারাকা পতেঙ্গা পাওয়ার।



