সাড়ে ৯ মাসের মধ্যে ডিএসইতে সর্বনিম্ন লেনদেন

গ্রাফিকস: আগামীর সময়
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি বছরের মধ্যে শনিবার (১৭ অক্টোবর) সর্বনিম্ন লেনদেন হয়েছে।
এদিন এক্সচেঞ্জটিতে ৩১৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে গত বছরের ২৯ ডিসেম্বর ডিএসইতে আজকের তুলনায় কম বা ৩০৯ কোটি ৯৭ লাখ টাকার লেনদেন হয়েছিল। সাম্প্রতিক সময়ে মূল্যসূচকের পতনের পাশাপাশি লেনদেনেও নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।
স্টক এক্সচেঞ্জ সূত্র জানিয়েছে, শনিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট কমে ৫ হাজার ৪৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে সূচকটি ২৩ পয়েন্ট বেড়েছিল। এ ছাড়া গত বুধবার সূচক বেড়েছিল ২০ পয়েন্ট এবং মঙ্গলবার বেড়েছিল ৪ পয়েন্ট। তবে গত সপ্তাহের সোমবার সূচক কমেছিল ৪৬ পয়েন্ট এবং রবিবার কমেছিল ২৫ পয়েন্ট।
এদিকে শনিবার ডিএসইতে লেনদেন আগের কার্যদিবসের তুলনায় ১৮২ কোটি ৩১ লাখ টাকা কমেছে। আগের দিন এক্সচেঞ্জটিতে ৪৯৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। সেই হিসাবে এক দিনে লেনদেন কমেছে প্রায় ৩৬ দশমিক ৫ শতাংশ।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৬টি কোম্পানির মধ্যে ৯৬টির বা ২৪ দশমিক ৮৭ শতাংশের শেয়ারদর বেড়েছে। বিপরীতে ২২৯টির বা ৫৯ দশমিক ৩৩ শতাংশের দর কমেছে। আর ৫৫টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত ছিল।
অন্যদিকে, শনিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৩৪টি কোম্পানির মধ্যে ৬১টির দর বেড়েছে, ৮৪টির কমেছে এবং ১১টির দর অপরিবর্তিত ছিল। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
এর আগের কার্যদিবসে সিএসইর সূচকটি ৬১ পয়েন্ট কমেছিল। সেদিন এক্সচেঞ্জটিতে ২০ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।




